হাসির হাসিমাখা মুখ কেড়ে নিল ফেসবুকে আপত্তিকর ছবি
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরে গত সোমবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। স্থানীয় এক ছেলের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে ছড়িয়ে পড়ায় সে এ পথ বেছে নেয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
মেয়েটির নাম হাসি আক্তার। সে স্থানীয় মুর্শিদ মজিদ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। বাড়ি ভৈরব পৌর শহরের দড়ি চণ্ডীবেড় মহল্লায়। বাবার নাম ইসলাম উদ্দিন।
জানা গেছে, হাসির সঙ্গে একই মহল্লার সুস্মিত মিয়ার সম্পর্ক ছিল। তিনি ঢাকার নটর ডেম কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পাস করেছেন। তাঁদের দুজনের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি ছিল সুস্মিতের মুঠোফোনে। সম্প্রতি তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এর পরপরই সুসিঞ্চতের ফেসবুক আইডিতে পাওয়া যায় তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি। ইন্টারনেটের মাধ্যমে ছবিগুলো এলাকায় ছড়িয়ে পড়ে।
হাসির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ইন্টারনেটে ছবি ছড়িয়ে পড়ার পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় হাসি। গত সোমবার রাতে সে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গত মঙ্গলবার সকালে হাসির বাড়িতে গিয়ে দেখা যায় শোকাবহ পরিবেশ। মা হনুফা বেগম কিছুক্ষণ পর পর মেয়ের নাম মুখে নিয়ে চিৎকার করে উঠছেন। তিনি জানান, তাঁর মেয়ের নামটি যেমন হাসি, সারাক্ষণ মুখে হাসি লেগেই থাকত। ছবি ছড়িয়ে পড়ার পর মুখ থেকে সেই হাসি মিইয়ে যায়। সুসিঞ্চতের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিয়ে করার প্রস্তাব দেয় হাসি। কিন্তু বিয়ে করবে না বলে জানিয়ে দেন সুসিঞ্চত। এর পর থেকে হাসি মানসিকভাবে ভেঙে পড়ে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, মেয়েটির চাচা গিয়াস উদ্দিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় সুসিঞ্চতকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
ওসি জানান, সোমবার রাতে সুস্মিতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, ফেসবুকের যে আইডি থেকে ছবিগুলো আপলোড করা হয়েছিল, সেটি তাঁর নয়। তবে ছবিগুলো তাঁর মুঠোফোনেই ছিল। অন্য কেউ তাঁর ফোন থেকে ছবিগুলো নিয়ে ফেসবুকে ভুয়া আইডি খুলে ছবি তুলে দিয়ে থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।