হাসিলের নামে চাঁদাবাজি!
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়ার জিয়া বাজারে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ২০০৯ সালের ২৬ জুলাই বানিয়ারছড়ার জিয়া বাজার প্রতিষ্ঠিত হয়। ওই বাজারে প্রতিদিন দেড় শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী মালামাল বিক্রি করেন। স্থানীয় জয়নাল আবেদিন ও মো. ছুট্টো নামের দুই ব্যক্তি প্রতিদিন ব্যবসায়ীদের কাছ থেকে হাসিলের নামে চাঁদা তোলেন। তবে এ চাঁদা সরকারের কোষাগারেও জমা হচ্ছে না।
বাজারে মাছ বিক্রি করতে আসা আবুল কালম (৩২) বলেন, ‘চার কেজি মাছ নিয়ে বাজারে আসি। বিক্রির পর ৪০ টাকা চাঁদা দিতে হয়েছে। দিতে না চাইলে জয়নাল ও ছুট্টো আমাকে মারতে তেড়ে আসে।’
স্থানীয় ব্যবসায়ী মোহামঞ্চদ হোসেন (৪০) ও আবুল কালাম (৪৫) জানিয়েছেন, প্রতিদিন এ বাজার থেকে হাসিলের নামে তিন থেকে চার হাজার টাকা চাঁদা তোলা হয়। জয়নাল ও ছুট্টো স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলে না।
এ বিষয়ে জানতে চাইলে জয়নাল আবেদিন বলেন, ‘বাজারটি প্রতিষ্ঠার সময় তিন ব্যক্তি তাঁদের জমি দখল হয়েছে মর্মে আমাদের বিরুদ্ধে আদালতে তিনটি মামলা দায়ের করেন। এ মামলাগুলোর খরচ ও বিদ্যুৎ বিলের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হয়। ওখান থেকে আমরা ভাগ নিই না।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবদীন বলেন, বানিয়ারছড়ার জিয়া বাজার প্রশাসনের তালিকাভুক্ত নয়। এই বাজার থেকে কেউ টোল আদায় করলে তা অবৈধ। শিগগিরই বাজার থেকে সরকারিভাবে টোল আদায়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।: