হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ড, মাথার খুলি, চুল, হাড় থেকে ডিএনএ নমুনা সংগ্রহ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানা থেকে উদ্ধার হওয়া মাথার খুলি, চুল, পা, বুক ও কোমরের ছোট–বড় হাড় থেকে ৮০টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
এরপর বাকি অংশগুলো আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সংরক্ষণ করা হয়।
৭ সেপ্টেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাসেম ফুডস কারখানার চতুর্থ তলায় তল্লাশি চালিয়ে খুলি ও হাড়গোড়গুলোর অংশবিশেষ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ জেলা সিআইডির পরিদর্শক মো. আতাউর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ডিএনএ সংগ্রহের পর হাড়গোড়ের মর্গে সংরক্ষণ করা অংশবিশেষগুলো চার মরদেহের। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরও একজনের মরদেহের হাড়গোড় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গত ৮ জুলাই হাসেম ফুডসে আগুনে ৫১ জন দগ্ধ হয়ে মারা যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ডিএনএ পরীক্ষা শেষে অঙ্গার হওয়া ৪৫ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।