হাহাকার ৭ ও ৮ আগস্টের টিকিটের
ঈদে ঘরমুখী বেশির ভাগ মানুষ ৭ ও ৮ আগস্ট যাত্রা করতে চান। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চের এ দুই দিনের টিকিটের জন্য হাহাকার চলছে। পরিবহন কোম্পানিগুলো প্রথম দিন থেকেই সব দিনের যাত্রার বাসের টিকিট ছেড়েছে। যাঁরা ওই দুই দিনের টিকিট কিনতে পেরেছেন তাঁরা খুশি, যাঁরা পাননি তাঁরা হতাশ। আজ সোমবার সকাল নয়টা থেকে দেওয়া হবে ৭ আগস্টের ট্রেনের টিকিট। গতকাল রোববার দুপুরে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, আজ টিকিট পেতে তখনই সারিতে আছেন কয়েকজন। রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, আজ সাংঘাতিক চাপ হবে। সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রেলের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারক করবেন। ট্রেনের ৬ আগস্টের টিকিটের জন্য গতকাল ছিল দীর্ঘ সারি। ওই দিনের টিকিটের জন্য গত শনিবার দুপুরে কমলাপুর স্টেশনে সারিতে দাঁড়ানো আবদুল মান্নান, শফিউল আলম ও আরিফুল ইসলামের সঙ্গে কথা হয়েছিল। গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে আনন্দিত কণ্ঠে তাঁরা জানান, কষ্ট করে কাঙ্ক্ষিত টিকিট পেয়ে তাঁরা খুশি। নামী পরিবহন কোম্পানির বাসের টিকিটও বিক্রি শুরু হয়েছে শুক্রবার থেকে। এসব কোম্পানির কয়েকটির কর্মকর্তারা জানান, প্রথম দিনই ৭ ও ৮ আগস্টের যাত্রার টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। ৬ আগস্ট বা এর আগের কিছু টিকিট এখনো পাওয়া যাচ্ছে। সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে কম দূরত্বের জেলাগুলোতে চলাচলকারী বাসে যাত্রার আগে টিকিট বিক্রি করা হবে। লঞ্চের কেবিনের টিকিট প্রভাবশালী ব্যক্তিরা আগেই বুকিং দিয়ে রাখেন। ডেকের যাত্রীরা যাত্রার আগে টিকিট কাটেন। তাই লঞ্চের অগ্রিম টিকিটের জন্য সদরঘাটে ভিড় নেই। লঞ্চেও যাত্রীর বেশি ভিড় হবে ৭ ও ৮ আগস্ট।