রাজশাহীর ডলফিন ক্লিনিকে হাত-পা ভাঙার চিকিৎসা নিতে এসে একের পর এক রোগীর মৃত্যু ঘটছেই।
গত নভেম্বর মাস থেকে এ পর্যন্ত এই ক্লিনিকে হাত-পা ভাঙার চিকিৎসা নিতে এসে চারজন রোগীর মৃত্যু হয়েছে। ভুক্তভোগীরা একাধিকবার এই ক্লিনিক ভাঙচুর করেছেন। সরকারি দপ্তর শুধু সতর্ক করিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে। অনিয়মের অভিযোগে গত ১৪ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকের ৯৫ হাজার টাকা জরিমানা করেন।
এই ক্লিনিকের মালিক ও চিকিৎসক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামিউল উদ্দিন আহম্মেদ ওরফে শিমুল। তাঁর ক্লিনিকে অস্ত্রোপচারের সময় এ ধরনের মৃত্যুর অভিযোগে দায়ের করা হত্যা মামলায় কয়েক মাস আগে আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছিলেন। তাঁর মুক্তির দাবিতে চিকিৎসকেরা আন্দোলন শুরু করেন।
সর্বশেষ এ ক্লিনিকে গত শনিবার রাতে সুমন ইসলাম (২০) নামের এক রোগীর মৃত্যু হয়। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাইলাডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল কাইয়ুম।
সুমনের পরিবার জানায়, ১৭ জুন আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান সুমন। এতে তিনি কোমরে ব্যথা পান। ওই দিনই তাঁকে ডলফিন ক্লিনিকে ভর্তি করা হয়। শনিবার বেলা একটার দিকে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। ঘণ্টা দুয়েক পরে অস্ত্রোপচার শেষে সুমনকে বের করে নিয়ে আসা হয়। এর পর থেকে আর তাঁর জ্ঞান ফেরেনি। শেষে রাত ১১টার দিকে সুমনের অবস্থা ভালো নয় বলে তড়িঘড়ি করে একটি অটোতে তুলে দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছার পরই সেখানকার চিকিৎসকেরা সুমনকে মৃত ঘোষণা করেন। সুমনের পরিবারের অভিযোগ, অতিরিক্ত মাত্রায় অবেদনের ওষুধ প্রয়োগ করার কারণেই সুমনের মৃত্যু হয়েছে৷ অবেদনবিদ ছাড়াই ক্লিনিকের কর্মচারীরা সুমনের শরীরে অজ্ঞান করার ইনজেকশন পুশ করেন। আবার বিষয়টি ধামাচাপা দিতে মৃত রোগীকে রামেক হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হয়।
তবে ক্লিনিকের মালিক শামিউল উদ্দিন দাবি করেছেন অস্ত্রোপচার করার আগেই সুমনের অবস্থা খারাপ হয়ে গেলে তাঁকে রামেক হাসপাতালে পাঠানোর সময় তাঁর মৃত্যু হয় ।
এর আগেও একইভাবে এই ক্লিনিকে কয়েকজন রোগীর মৃত্যু হয়। গত ৩০ মে এক রোগীর হার্নিয়ার অস্ত্রোপচার করার পর তাঁর আর জ্ঞান ফেরেনি।
গত ২৯ জানুয়ারি একই এই ক্লিনিকে ভাঙা পায়ে অস্ত্রোপচার করাতে আসা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ী আনোয়ারুল হক ওরফে টিপুর মৃত্যু হয়৷ অবেদনের ইনজেকশন দেওয়ার পর তাঁরও জ্ঞান ফেরেনি। অস্ত্রোপচারকক্ষে লাশ ফেলেই ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা পালিয়ে যান। প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিকটি ভাঙচুর করেছেন। ক্লিনিকের চিকিৎসক ও সেবিকাদের বিরুদ্ধে রাতেই একটি হত্যা মামলা করা হয়। ভয়ে রোগীরা সব ক্লিনিক ছেড়ে চলে যান।
এর আগে গত ৬ নভেম্বর উচ্চমাত্রার চেতনানাশক দিয়ে তানোরের একটি শিশুর হাতে অস্ত্রোপচার করতে গেলে তার আর জ্ঞান ফেরেনি। একইভাবে জ্ঞান ফেরার আগেই অবেদনবিদ বাইরে চলে যান। শিশুটির নাম মুস্তাকিন। সে চতুর্থ শ্রেণিতে পড়ত। তখনো ক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ভাঙচুর করেন। পুলিশ ক্লিনিকের মালিকসহ চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা পরে শিশুটির পরিবারের সঙ্গে আপসরফা করে থানা থেকে ছাড়া পান।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আবদুল হক জানান, এর আগের মৃত্যুর ঘটনায় তাঁরা তদন্ত করে ডলফিন ক্লিনিক কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন, যেন ভবিষ্যতে তাদের ক্লিনিকে এ রকম ঘটনা আর না ঘটে। তিনি জানান, তাঁদের সতর্ক করা ছাড়া আর কিছুই করার নেই। এ জন্য প্রাইভেট ক্লিনিক অধ্যাদেশ আরও সময়োপযোগী করা দরকার।