হাড়কাঁপানো শীতে দরিদ্ররা কাহিল আগুন পোহানোই শেষ ভরসা
হাড় হিম করা শীতে দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে সবচেয়ে দুরবস্থার মধ্যে আছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। তীব্র শীতে লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। গরম কাপড়ের অভাবে শীতে কাহিল অনেকে আগুনের তাপে সাময়িক স্বস্তি খুঁজছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন:পাবনা: কনকনে শীত ও হিমেল হাওয়ায় গরম কাপড়ের অভাবে জেলার লক্ষাধিক দরিদ্র ও ছিন্নমূল মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে।ঈশ্বরদী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার পাবনায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্রের প্রধান সহকারী (ত্রাণ) মাহাতাব উদ্দিন জানান, জেলার চরাঞ্চলসহ আশপাশের গ্রামের দরিদ্র মানুষ শীতে চরম দুর্ভোগে আছে। এ পর্যন্ত জেলার নয়টি উপজেলায় সরকারিভাবে চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ভোলা: ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁধের পাড়ে রফিজলের জীর্ণ ঘর (৬৫)। সন্ধ্যা হলেই তিনি শীতবস্ত্রের অভাবে স্ত্রী আর সন্তান নিয়ে বাঁধের ওপর আগুন জ্বেলে গা গরম করেন। রফিজল জানান, প্রায়ই মাঝরাতে শীতের কামড়ে জেগে ওঠেন। আবার আগুন জ্বেলে গা গরম করেন।ধনিয়ার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন বাঁধ অংশে ২০-২৫টি ঘর। গত সোমবার সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা যায়, একটু দূরে দূরেই লোকজন শরীর গরম করতে আগুন জ্বেলেছে।বাঁধ ঘুরে দেখা যায়, প্রতিটি পরিবারের শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও গলাব্যথায় ভুগছে।জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, শীতার্ত গরিব মানুষের মধ্যে দুই হাজার কম্বল বিতরণ করা হয়েছে।নীলফামারী: হাড়কাঁপানো শীতে গোটা জেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবিলার চেষ্টা করছে।গত সোম ও মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতার্ত মানুষের করুণ হাল লক্ষ করা গেছে। জলঢাকা উপজেলার শালনগ্রামের বিধবা সৌদা বালা (৬০) বলেন, ‘যে জার পইরছে, আইতত উঠি আগুন তাপির নাগে। ভাত খাবার পাইসা নাই, কেথা-কম্বল কিনমো কী দিয়া!’জেলা সদরের রামনগর ইউনিয়নের ফুলতলা গ্রামের বৃদ্ধা মহিতন বেওয়া বলেন, ‘যে ঠান্ডা, ঘরতও থাকা যায়ছে না, বায়রোতো বেড়া যায়ছে না। গত দুই দিনে একবারও সূর্যের দেখা মেলেনি।’ডিমলা উপজেলার তিস্তাপারের পূর্ব ছাতনাই গ্রামের হতদরিদ্র ইকদিল আলী (৭৫) বলেন, ‘এই ঠান্ডা আর সহ্য হয় না।’জেলা প্রশাসক ফরহাদ হোসেন বলেন, এ বছর বরাদ্দ পাওয়া চার হাজার ৪৯৯টি কম্বল, ৫০০ সোয়েটার এবং আরও ১৫০টি গরম কাপড় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।বিশ্বনাথে শীতে বৃদ্ধের মৃত্যুবিশ্বনাথ (সিলেট): প্রতিনিধি জানান, সিলেটের বিশ্বনাথ উপজেলায় গত মঙ্গলবার রাতে তীব্র শীতে ইছাক আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ইছাক আলীর ছেলে নূর মিয়া বলেন, ‘শীতের তীব্রতা সইতে না পেরে আমার বাবা মারা গেছেন।’