হায় টেলিফোন, ৬ লাখ মানুষের শ্রীপুরে সংযোগ ২৭২

‘আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন?’ ভারতের পশ্চিমবঙ্গের মহীনের ঘোড়াগুলি সিরিজের জনপ্রিয় গান এটি। সত্তরের দশকের শেষের দিকের গৌতম চট্টোপাধ্যায়ের গানটি এখন লেখা হলে ‘টেলিফোন’ শব্দটির জায়গা নিঃসন্দেহে হতো ‘মুঠোফোন’।
কারণ, মুঠোফোন এখন হাতে হাতে। এর বাড়বাড়ন্ত শহর-গ্রামে সর্বত্র। মফস্বল শহর গাজীপুরের শ্রীপুরের কথাই ধরুন। এখানে লোকসংখ্যা ছয় লাখ। টেলিফোন সংযোগ এখন মাত্র ২৭২।
তবে, স্থানীয় কর্তৃপক্ষ শুধু মুঠোফোনের আধিক্যকেই এর কারণ বলে মনে করেন না। বিটিসিএল গাজীপুর এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী শহিদুল্লাহ প্রথম আলোকে বলেছেন, ‘সরবরাহ লাইন রক্ষণাবেক্ষণের অভাব, জনবল-অর্থসংকট ও পুরোনো যন্ত্রাংশের কারণেই একসময়ের আরাধ্য টেলিফোনের এখন এ অবস্থা। রাতের আঁধারে মাটির নিচে থাকা ধাতব তার চুরি হওয়াও আরেক কারণ।’
বিটিসিএল (গাজীপুর) সূত্রে জানা যায়, শ্রীপুরে গত ২০০৩ সালে পুরোনো টেলিফোন এক্সচেঞ্জের জায়গায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ বসানো হয়। কয়েক বছরের মাথায় এই এলাকায় গ্রাহকের সংখ্যা দাঁড়ায় দুই হাজারে। সে সময় মুঠোফোনের প্রসার শুরু হলেও টেলিফোন এর সঙ্গে দাপটে চলছিল। পরে ২০০৯ সাল থেকে সংযোগগুলোতে ত্রুটি দেখা দিতে থাকে। নিয়মিত বিল পরিশোধ করলেও প্রতি মাসে পাঁচ থেকে সাতবার লাইন মেরামতের কাজ করতে হতো। সে সময় এ অঞ্চলে সরকারি-বেসরকারি অফিস ও ব্যক্তিপর্যায়ে টেলিফোন সংযোগ নির্ভর ফ্যাক্স মেশিনের প্রচলন ছিল। কিন্তু জরুরি প্রয়োজনে বেশির ভাগ সময় সংযোগ নষ্ট থাকার মতো ঘটনা ঘটতে থাকলে গ্রাহকদের অধিকাংশই সংযোগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। এ কারণে ২০১২ সালের মধ্যে শ্রীপুর এক্সচেঞ্জ আরও অন্তত ৪০ শতাংশ গ্রাহক হারায়। এর মধ্যে শ্রীপুরে দেশের সব মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক বিস্তৃত হওয়ায় বর্তমানে টেলিফোন সংযোগ আরও প্রায় ৩৫ শতাংশ কমে গেছে।
শ্রীপুর শহরের ব্যবসায়ী আবুল হাশেম প্রধানের বাড়ির টেলিফোনটি তিন বছর ধরে বিকল। তিনি বললেন, ‘প্রথম বছর বিকল থাকলেও বিল আসত। পরে তা-ও বন্ধ হয়ে যায়।’
বিটিসিএলের শ্রীপুর এক্সচেঞ্জের দায়িত্বে থাকা টেলিকমিউনিকেশন মেকানিক (টিসিএম) মো. কফিল উদ্দিন জানান, সংযোগ চালু রাখার জন্য যে জনবল দরকার, তা এখানে নেই। তা ছাড়া মাটির নিচ দিয়ে ছড়ানো সংযোগের তার বিভিন্ন জায়গার চুরি হয়। প্রায় প্রতি সপ্তাহে রাস্তার পাশে মাটি খুঁড়ে টেলিফোনের তার চুরি হচ্ছে। তাঁর কথা, এ অফিসে মাত্র একজন লাইনম্যান, তাঁকে দিয়ে চুরি হওয়া লাইনগুলো পুনঃসংযোগ দেওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই আবার চুরির ঘটনা ঘটে যায়। তিনি জনবল-সংকটের কথা জানিয়ে বলেন, এ অফিসে কমপক্ষে তিনজন লাইনম্যান ও কমপক্ষে চারজন নিরাপত্তাকর্মী প্রয়োজন, কিন্তু লাইনম্যান আছেন একজন, নিরাপত্তাকর্মী নেই।

দেশে ২০১০ সালে টেলিফোন সংযোগের সংখ্যা ছিল ৯ লাখ ৮৯ হাজার ১৭৪। বিটিসিএলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালে এ সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৪৬ হাজার ১৭৪। সংযোগ কমে যাওয়ার পাশাপাশি কমেছে টেলিফোন এক্সচেঞ্জের সংখ্যাও। ২০১০-এর এক্সচেঞ্জের সংখ্যা ৬৯৩ থেকে চার বছর পর কমে হয় ৫৯৫।
এখনো ঠিকমতো টেলিফোন সংযোগটি পেলে ব্যবহার করতে চান অনেকেই। পৌর এলাকার সার্ভেয়ার মোস্তফা কামালের সংযোগ ছয় বছর ধরে বন্ধ। তবে তিনি বলেন, ‘এই টেলিফোন এখন চালু হলে আমি নিতে চাই।’
স্থানীয় বিটিসিএল কর্মকর্তারা মনে করেন, চুরি বন্ধ করে, নতুন জনবল নিয়োগ দিলে বা অর্থায়ন করলে শ্রীপুর টেলিফোনের এ শ্রীহীন অবস্থার পরিবর্তন সম্ভব। গাজীপুর এক্সচেঞ্জের সহকারী প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, ‘শ্রীপুর উপজেলায় টেলিফোনশিল্পকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে নিতে প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন।’
নতুন প্রযুক্তি প্রতিস্থাপন করতে পারলে শ্রীপুর উপজেলার মতো জনবহুল এলাকায় অন্তত ২০ হাজার নতুন গ্রাহক পাওয়া সম্ভব বলে জানান তিনি।