হায়রে কপাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী প্রায় চার বছর বয়সী এক শিশুকে রাজধানীর মহাখালীতে অবস্থিত কলেরা হাসপাতালে রেখে পালিয়ে যান এক নারী। শিশুটি হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। হাসপাতালের এক নারী কর্মচারী শিশুটির দেখাশুনা করেন। পরে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আদালতের আদেশে শিশুটিকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়। 

সরেজমিনে দেখা যায়, ঢাকা শিশু আদালতের এজলাস কক্ষের বেঞ্চে শোয়ানো এক শিশু। তাঁর পাশেই বসে আছেন এক নারী। সবার ধারণা ছিল, ওই নারীই বোধ হয় শিশুটির মা। কিন্তু না, তিনি ওই শিশুর মা নন। মহাখালীর একটি হাসপাতালের কর্মচারী। তাঁর নাম সালমা বেগম। পরে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার মতো কোনো এক নারী কয়েক দিন আগে (২৩ ফেব্রুয়ারি) মহাখালীর কলেরা হাসপাতালে শিশুটিকে রেখে পালিয়ে গেছেন। শিশুটি প্রতিবন্ধী। হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। কিন্তু ওই নারীকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর আমি শিশুটিকে দেখাশুনা করছিলাম। পরে বনানী থানায় এ নিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর আদালতের আদেশে শিশুটিকে আজ মঙ্গলবার আদালতে হাজির করেছি।’
এ ব্যাপারে ঢাকার শিশু আদালতের পেশকার মো. নুর আলম প্রথম আলোকে বলেন, আদালত শিশুটিকে মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃপক্ষের জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন।
প্রতিবন্ধী ফাউন্ডেশনের হিসাবরক্ষক রেজাউল করিম রাতে প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী শিশুটি এখন আমাদের হেফাজতে রয়েছে।