হি-হি কাঁপুনির বইছে শীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জ্যাকট পরছি, এর নিচে শার্ট, গলার মাফলার, টুপি তো আছেই। তবুও শীতে গা জইম্যা যাইতাছে। আইজ ৩০০ টাকা পকেটে আইলেই বাড়িত যামু গা।’

আজ বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে চায়ের দোকানে বসে এসব কথা বলেন রিকশাচালক বাবুল মিয়া। শরীরটাকে একটু গরম করে নেওয়ার আশায় চা-পান করছিলেন তিনি।

শুধু বাবুল মিয়া নন, মাঘের শুরুতে শীত জেঁকে বসায় সারা দেশের সব মানুষের জবুথবু অবস্থা। শীতের দাপট থেকে রক্ষা পেতে যে যার মতো গরম পোশাক পরে ঘর থেকে বের হচ্ছে। তবে শীতের পোশাক না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছে গরিব ও দুস্থরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে অনেক শিশুও রয়েছে।

ঘন কুয়াশার কারণে বারবার চলাচল ব্যাহত হচ্ছে নৌপথে।

আবহওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, মাঘের শীতের এই দাপট চলবে আরও দিন দুয়েক।

আজ সকাল নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য বিররণীতে জানানো হয়, আজ দেশে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াড়াঙ্গায়, ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায়ও শীত জেঁকে বসেছে। সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। বেলা পৌনে একটার দিকে উষ্ণতা সামান্য বেড়ে হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া দিনাজপুরে ১১ দশমিক ৬, সাতক্ষীরায় ১২ দশমিক ৬, রাজশাহীতে ১২ দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এসব জেলার সদর ও শিশু হাসপাতালগুলোতে শীতজনিত কারণে অসুস্থ অনেক রোগী ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

চুয়াডাঙ্গা জেলার প্রথম আলো প্রতিনিধির দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকালে জেলার শিশু হাসপাতালে ১৪টি বেড রয়েছে। তবে ৬৫ শিশু ভর্তি করিয়েছেন হাসপাতালটির শিশুরোগ বিশেষজ্ঞ  মাহবুবুর রহমান।

এদিকে সাতক্ষীরা জেলার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি জানান, সকালে জেলা সদর হাসপাতালের বহির্বিভাগে শ্বাসকষ্ট ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক শিশুকে চিকিত্সা দেওয়া হয়েছে।

রংপুর প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ৭৮টি বেড রয়েছে। কিন্তু ভর্তি করা হয়েছে ২২৮ শিশুকে। এদের প্রায় সবাই শীতজনিত বিভিন্ন রোগাক্রান্ত।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে জানান, শৈত্যপ্রবাহ না বইলেও ঘন কুয়াশার সঙ্গে বাতাস বইছে। এর প্রভাবে শীত অনুভব হচ্ছে। তবে এ মাসের শেষ দিকে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঘন কুয়াশার কারণে নৌ চলাচলেও সমস্যা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মজিবুর রহমান প্রথম আলোকে জানান, ঘন কুয়াশা পড়ায় গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত মাওয়া-কাওড়াকান্দি রুটে এবং রাত দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।