হিংসা ত্যাগ করে ভালোবাসা জয় করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধপল্লিতে হামলার এক বছর
বৌদ্ধপল্লিতে হামলার এক বছর

কক্সবাজারের রামু, উখিয়া ও টেকনাফের বৌদ্ধপল্লিতে হামলা চালিয়ে ১৯টি মন্দির ধ্বংস করার এক বছরপূর্তি আজ রোববার।বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিনটিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা কালো দিবস হিসেবে পালন করছেন।এ উপলক্ষে এক বছর পর রামু সদরের শ্রীকোল গ্রামে শুরু হয়েছে বৌদ্ধদের মিলনমেলা।

এ দিবসটি উপলক্ষে হিংসা ত্যাগ করে অহিংসার মাধ্যমে মানুষের ভালোবাসা জয় করার আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

আজ সকাল নয়টায় রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে শুরু হয় মহাসংঘ দান।এখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিক্ষুদের সর্বোচ্চ ধর্মীয় নেতা ধর্মসেন মহাথেরো।আরও বক্তব্য রাখেন সংঘপ্রিয় মহাথেরো, জ্যোতিপ্রিয় ভিক্ষু ও সারমেত্র থেরো।এই মহাসংঘ দান অনুষ্ঠানেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ আহ্বান জানান।

এর আগে রামুর শ্রীকোল গ্রামের স্থানীয় লালচিং ও সাদাচিং বিহারে ভোর পাঁচটায় বৌদ্ধ পূজা পালন করার মধ্য দিয়ে শুরু হয় আজকের কর্মসূচি।
জানা গেছে, আজ বেলা আড়াইটায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি শান্তি শোভাযাত্রা করবেন।এরপর বেলা তিনটার দিকে স্মরণসভা অনুষ্ঠিত হবে।এই সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বিশিষ্ট আইনজীবী সারা হোসেন ও তেল-গ্যাস-খসিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদসহ আরও অনেকেই উপস্থিত থাকবেন।
আজ থেকে এক বছর আগে অর্থাত্ ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে ভয়াবহ হামলায় এসব মন্দিরসহ আশপাশের অনেক ঘরবাড়ি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।সরকারি খরচে সেনাবাহিনীর দায়িত্বে রামু, উখিয়া ও টেকনাফে ১৯টি মন্দির নতুন করে নির্মাণ করা হয়েছে।এখন দলে দলে বুদ্ধের অনুসারীরা আসছেন, আসছেন পর্যটকও।ফেসবুকে আপত্তিকর ছবি যুক্ত করে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এ হামলা চালানো হয়।
নতুন বিহার, নতুন বুদ্ধমূর্তি ও বাড়িঘর পেয়ে আপাতত সবাই খুশি।তবে বৌদ্ধধর্মাবলম্বীদের মনের ক্ষত রয়ে গেছে।সেদিনের হামলার ক্ষতিটা শুধু বৈষয়িক বা বস্তুগতই ছিল না, আঘাতটা তীব্রভাবে লাগে বৌদ্ধ সম্প্রদায়ের মনে।তাঁদের বিশ্বাস টলে যায় আর চুরমার হয়ে যায় নিরাপত্তার বোধও।