হিংসা পরিহার করে সমঝোতার তাগিদ
অগণতান্ত্রিক ও হিংসার পথ পরিহার করে সংলাপ ও সমঝোতার পথ অনুসরণের জন্য দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’। গতকাল সোমবার সংগঠনটির সভাপতি ড. আনিসুজ্জামান ও আহ্বায়ক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে জামায়াত-শিবিরের অব্যাহত সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএনপির প্রতি গণতন্ত্রের স্বার্থে এই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে তাঁরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নাগরিক সমাজ গভীরভাবে উদ্বিগ্ন। সব রাজনৈতিক দলের পারস্পরিক যোগাযোগ ও অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে। কিন্তু এর জন্য দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন। তবে বর্তমান পরিস্থিতি সমঝোতার পরিবেশ সৃষ্টি না করে সংঘাতের দিকেই যাচ্ছে।
বিবৃতিদাতারা বলেন, এই পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে জামায়াত-শিবিরের কর্মীরা সারা দেশে সহিংসতা ছড়াচ্ছেন। এ অবস্থায় বিরোধী দলের নেতার প্রতি প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান আশান্বিত করেছে। বিরোধী দলের নেতাও দ্রুত ইতিবাচক সাড়া দিয়ে সমঝোতার পথ উন্মুক্ত করবেন বলে বিবৃতিতে আশা করা হয়। বিজ্ঞপ্তি।