হিংসার আগুনে পুড়ল পুরো পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল্লবীর কালশী এলাকার বিহারি ক্যাম্পে আগুন দিয়ে হত্যা করা হয়েছে তাঁদের স্বজনদের৷ একসঙ্গে ৯ স্বজনকে হারিয়ে স্তব্ধ ইয়াসিনের পাশে কাঁদছেন জাহিদা l প্রথম আলো
পল্লবীর কালশী এলাকার বিহারি ক্যাম্পে আগুন দিয়ে হত্যা করা হয়েছে তাঁদের স্বজনদের৷ একসঙ্গে ৯ স্বজনকে হারিয়ে স্তব্ধ ইয়াসিনের পাশে কাঁদছেন জাহিদা l প্রথম আলো

মৃত মায়ের পাশে শুয়ে ছিল চিরদিনের মতো ঘুমিয়ে পড়া দুই বছরের শিশু মো. মারুফ। পুরো শরীর পুড়ে অঙ্গার। একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছিলেন বাবা মো. শওকত। তাঁর চোখের পানি গড়িয়ে পড়ছিল আত্মজের দগ্ধ গায়ে।
মা শাহানা আক্তারের কোলে চড়ে নানার বাড়িতে বেড়াতে আসা মারুফ আর বাবার কোলে ফিরবে না৷ হিংসার আগুন নিভিয়ে দিয়েছে মা-ছেলে উভয়ের প্রাণ। আগুনে পুড়ে আরও মারা গেছেন মারুফের নানি, দুই খালা, দুই মামাসহ নয়জন। পল্লবীর কুর্মিটোলা বিহাির ক্যাম্পের বাতাস ভারী হয়ে উঠেছিল তাঁদের স্বজনদের সরব শোক প্রকাশে৷
ক্যাম্পের পুলিশের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের সময় এই পরিবারটির বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়৷ পুড়ে মারা যান নয়জন। পুলিশের ছররা গুলিতে নিহত হন আরেকজন। অভিযোগ উঠেছে, পুলিশ ও বহিরাগত কিছু লোক বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন দেয়।
ঘরের বাইরে মাথায় হাত দিয়ে বসে ছিলেন মারুফের নানা মো. ইয়াছিন। তাঁর সঙ্গে কথা বলতে গেলে ক্ষোভে ফেটে পড়েন স্বজনেরা, ‘লেইখ্যা কী অইব? জীবন ফিরাইয়া দিতে পারবেন? পুলিশের বিচার করতে পারবেন?’ তার পরও এ প্রতিবেদককে কাছে ডেকে মুখ খুললেন ইয়াছিন, ‘পুলিশ আমার কলিজার টুকরা নাতিটারে কাইড়া নিছে। আমি বিচার চাই।’
গুলশান ক্লাবের সেলুনে চাকরি করেন মো. ইয়াছিন। স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে নিয়ে তাঁর সংসার। দুই মেয়ে শাহানা ও আফসানা বিবাহিত। ছেলে মারুফকে নিয়ে শাহানা বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। ইয়াছিনের দুই যমজ ছেলে লালু ও ভুলু পড়ত ক্যাম্পের একটি স্কুলে। তখন পর্যন্ত নিখোঁজ ছিলেন আরেক ছেলে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী আশিক৷ নিহত বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে রাত ১০টার দিকে ইয়াছিনের ভগ্নিপতি জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, আশিক এবং তাঁর স্ত্রী শিখাও পুড়ে মারা গেছেন৷
ইয়াছিন বলেন, ‘গন্ডগোল দেইখা রাস্তায় গেছিলাম৷ একজন আইসা কইল, আমার ঘরে আগুন দিছে। দৌড়াইয়া গিয়ে দেখি পুলিশ গুলি করতাছে, আর আমার ঘরে আগুন জ্বলতাছে৷’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ইয়াছিনের ছোট মেয়ে অগ্নিদগ্ধ ফারজানা বলেন, ‘ছাদ ও পাশের ঘর থেইকা ঘরে আগুন ঢুইকা পড়ল। দরজা খুলতে গিয়া দেখি বাইর থেইকা বন্ধ কইরা দিছে। আমি পাশের বেড়ায় লাথি দিয়া বাইর হইয়া আসি। মায়েরা পারে নাই।’