মাস খানেক আগের কথা। গাজীপুরের এক শ্রমজীবী দম্পতি আট মাসের মেয়েকে পাশের বাড়িতে রেখে কাজে বেরিয়েছেন। ঘণ্টা খানেক পার হয়নি। মেয়ে মুমূর্ষু শুনে ফিরে আসতে হয় তাঁদের। জানতে পারেন, পাশের বাড়ির বাসিন্দা মেয়েকে ধর্ষণ করে পালিয়েছে। দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে মেয়েটি। অভিযুক্ত ধর্ষণকারী এখনো পলাতক।
গত বছরের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত তিন বছরের নিচে কমপক্ষে ২৪টি শিশু ধর্ষণের শিকার হয়। গত দেড় বছরে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সিলেট, নওগাঁ, নাটোর, বগুড়া, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশালে এই দুগ্ধপোষ্য শিশুরা ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ সদর দপ্তরে আয়োজিত সর্বশেষ অপরাধ সম্মেলনে শিশু ধর্ষণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, যাঁরা ধর্ষণ করছেন, তাঁদের বড় অংশ শিশুদের পরিচিত, স্বজন। তাঁদের কেউ কেউ প্রৌঢ়, কেউবা কিশোর। সামান্য কিছুর প্রলোভন দেখিয়ে তাঁরা শিশুদের সঙ্গে বন্ধুত্ব পাতেন। তারপর শিশুদের ধর্ষণ করা হয়।
ধর্ষণের শিকার প্রতিটি শিশুই মরতে বসেছিল। পরিষ্কারভাবে আঘাতের কথা বলতে না পারায় অনেক সময় তাদের হাসপাতালে নিতেও দেরি হয়েছে।
এরকম এক পরিস্থিতিতে বাংলাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ‘ধর্ষণের শিকার শিশু অতিরিক্ত রক্তক্ষরণ ও সংক্রমণের কারণে মারা যেতে পারে। অনেকে আর মা হতে পারে না।’
চিকিৎসকেরা শিশুর শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ক্ষতির কথাও বলেন। এমনকি নিজের পরিবারের পুরুষ সদস্যদেরও তারা শত্রু মনে করে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ চিকিৎসক তাজুল ইসলাম বলেন, শৈশবে ধর্ষণের শিকার শিশুরা পৃথিবীকে বৈরী মনে করে। অনেকে আঘাত সহ্য করতে না পেরে বোবা হয়ে যেতে পারে, অনেকের খিঁচুনি হয়, কেউ কেউ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।
টার্গেট শিশুরা, অপরাধে জড়াচ্ছে শিশুরা: মিরপুরের কল্যাণপুর পোড়া বস্তিতে তিন বছরের শিশু ধর্ষণের শিকার হয় গত বছরের ৬ সেপ্টেম্বর। পোশাককর্মী মা ও দিনমজুর বাবা শিশুটিকে তার দাদির কাছে রেখে কাজে বেরিয়েছিলেন। পাশের বাসার এক কিশোর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ওই কিশোরকে ধরে পুলিশে দেন। মিরপুর থানার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান জানান, ছেলেটি এখন কিশোর উন্নয়ন কেন্দ্রে।
নারী ও শিশু নির্যাতন রোধে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের কর্মকর্তারা জানান, ২০১৫ সালের জুলাই মাস থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ১ হাজার ১৯ জন ধর্ষণের শিকার হয়ে সেবা নেয়। তাদের ৭২৫ জনই শিশু।
একমাত্র বিচার নিশ্চিত করা গেলেই এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন এই কর্মসূচির কর্মকর্তারা। এখন পর্যন্ত ধর্ষণসহ নারী নির্যাতনের বিচারের যে চিত্র, তা খুব করুণ। এ প্রোগ্রামের আওতায় দেশের ১০টি সরকারি হাসপাতালে ২০১৫ সাল পর্যন্ত ২২ হাজার ৩৮৬ জন ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনায় চিকিৎসা নিতে আসেন। অথচ এসব ঘটনায় মামলা হয়েছে ৫ হাজার ৩টি। রায় ঘোষণা হয়েছে ৮২০টির, শাস্তি হয়েছে ১০১ জনের। শতকরা হিসাবে রায় ঘোষণার হার ৩ দশমিক ৬৬ এবং সাজা পাওয়ার হার দশমিক ৪৫ শতাংশ।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক আবুল হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘শিশুদের বিষয়টা যাঁরা দেখছেন, তাঁদের বিশেষ প্রশিক্ষণের দরকার। আইনজীবীদের জেরায় অনেক সময়ই শিশুরা ভয় পেয়ে যায়। এ ক্ষেত্রে পারিপার্শ্বিক সাক্ষ্যের ওপর বেশি জোর দেওয়া যেতে পারে। বিচারক ক্যামেরা ট্রায়ালের উদ্যোগ নিতে পারেন। আলাদাভাবে শিশুর সঙ্গে কথা বলতে পারেন।’
এ বিষয়ে জানতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিশেষ পিপি আলী আজগর স্বপন প্রথম আলোকে বলেন, নির্যাতনের শিকার শিশুর পরিবারই আসলে সময়মতো সাক্ষী হাজির করে না, সামাজিক চাপে আদালতে আসতে চায় না।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ গতকাল প্রথম আলোকে বলেন, ‘সরকারের তরফ থেকে শিশু ধর্ষণের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার কথা বলা হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে অভিভাবকেরা বিচার চালাতে চান না। আপসে মীমাংসা করে ফেলেন। সে ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না।’
(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন রাজশাহীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ ও গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম)