
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দিয়েছেন। তিন সপ্তাহের মধ্যে এই নোটিশের জবাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর পরবর্তী কার্যক্রমের তারিখ ধার্য করা হয়েছে।
গত ২০ আগস্ট রাষ্ট্রপক্ষ এইচআরডব্লিউয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম হাতে নেওয়ার আরজি জানিয়ে আবেদন জমা দিয়েছিল। আবেদনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, এশিয়া অংশের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস ও সহযোগী স্টর্ম টিভের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কার্যক্রম শুরু করার আবেদন জানানো হয়।
এ-সংক্রান্ত আবেদনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এইচআরডব্লিউয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করা হবে কি না—এ বিষয়ে আদেশের জন্য ২ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।
গত ১৬ আগস্ট এইচআরডব্লিউ ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক ওই বিবৃতিতে দাবি করে, গোলাম আযমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারের মানদণ্ড মানা হয়নি।
গোলাম আযমের বিরুদ্ধে রায়ের সমালোচনা করে এইচআরডব্লিউ পাঁচটি পর্যবেক্ষণ তুলে ধরেছিল। এগুলো হলো: ট্রাইব্যুনাল নিজ উদ্যোগে রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত করেছেন; রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও বিচারকদের মধ্যে পরস্পর যোগসাজশ ও পক্ষপাত রয়েছে; আসামিপক্ষের সাক্ষীদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়া হয়নি; ট্রাইব্যুনালের বিচারক পরিবর্তন করা হয়েছে এবং সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণের জন্য সাক্ষ্যের অপর্যাপ্ততা রয়েছে।
এর মধ্যে প্রথম দুটি পর্যবেক্ষণের ওপর আদালত অবমাননার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ।