হিউম্যান রাইটসের বিষয়ে শুনানি ১২ মে
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে কারণ দর্শানো নোটিশের লিখিত ব্যাখ্যা জমা দিয়েছে সংস্থাটি। ১২ মে এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বৃহস্পতিবার এইচআরডব্লিউর পক্ষে কারণ দর্শানো নোটিশের জবাব দাখিল করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। পরে ট্রাইব্যুনাল শুনানির তারিখ ধার্য করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর এ ট্রাইব্যুনাল এইচআরডব্লিউর পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্র্যাড এডামস ও সহযোগী স্টর্ম টিভকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। গত ১৬ আগস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক এক বিবৃতিতে এইচআরডব্লিউ দাবি করেছিল, গোলাম আযমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এতে রাষ্ট্রপক্ষ এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।