নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শুনানির জন্য ২৫ মে দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এ আদেশ দেন। এইচআরডব্লিউর পক্ষের আইনজীবী আনিসুল হাসান বলেন, তাদের অপর আইনজীবী মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণে ট্রাইব্যুনালে আসতে পারেননি। তাই তিনি সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল ওই আদেশ দেন। এর আগে এইচআরডব্লিউর আইনজীবীরা ট্রাইব্যুনালে কারণ দর্শানো নোটিশের লিখিত ব্যাখ্যা জমা দেন। পরে এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
গত বছরের ২ সেপ্টেম্বর এই ট্রাইব্যুনাল এইচআরডব্লিউর পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্র্যাড অ্যাডামস ও সহযোগী স্টর্ম টিভকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। গত ১৬ আগস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেইজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক এক বিবৃতিতে এইচআরডব্লিউ দাবি করেছিল, গোলাম আযমের বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এতে রাষ্ট্রপক্ষ এইচআরডব্লিউর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।