হিউম্যান হলারের ধাক্কায় সিএনজিচালক নিহত, আহত ৩
রাজধানীর মালিবাগে গতকাল শুক্রবার রাতে হিউম্যান হলারের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে অটোরিকশার চালক মোসলেম উদ্দিন (৪৫) ঘটনাস্থলে নিহত এবং যাত্রী এক দম্পতি ও তাঁদের শিশুসন্তান আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় পদ্মা সিনেমা হলের সামনে গুলিস্তানগামী বন্ধু পরিবহনের একটি দ্রুতগামী হিউম্যান হলার পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সেটি উল্টে দুমড়েমুচড়ে কয়েক গজ দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশার চালক মোসলেম ঘটনাস্থলেই মারা যান এবং তিন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহত যাত্রী কামরুজ্জামান, তাঁর স্ত্রী আইনুর আক্তার ও তাঁদের সাড়ে চার বছরের ছেলে আইনানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। লোকজন ওই হিউম্যান হলারে ব্যাপক ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে। আগুনে হলারের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ সময় একটি গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোসলেমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে হিউম্যান হলারের চালক পালিয়ে যান।আইনানের মামা সাইদুর রহমান বলেন, কামরুজ্জামান ও আইনুর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যথাক্রমে রায়পুর ও শিবপুরে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁরা বিদেশে প্রশিক্ষণ শেষে দেশে ফিরেছেন। গতকাল তাঁরা কুমিল্লা থেকে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলেন। সেখান থেকে আবদুল্লাহপুর হয়ে ওই অটোরিকশায় করে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছিলেন কুমিল্লায় ফেরার জন্য।রাত ১১টার দিকে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, মোসলেমের পুরো ঠিকানা পাওয়া যায়নি।