হিজড়াদের অধিকার নিশ্চিতে সচেতনতা তৈরির আহ্বান
হিজড়াদের অধিকার নিশ্চিত করতে তাদের সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা এবং তা মেনে নেওয়ার মানসিকতা তৈরির আহ্বান জানানো হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে থেকে এ আহ্বান জানানো হয়।
হিজড়া সম্প্রদায়কে সরকারের স্বীকৃতি দেওয়ার এক বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (বিএসডব্লিউএস) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে হিজড়াদের কাজের সুযোগ নিশ্চিত করাসহ অন্যান্য অধিকার নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
২০১৩ সালের নভেম্বরে সরকার হিজড়াদের পৃথক একটি লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৮ থেকে ১০ নভেম্বর নানা আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএসডব্লিউএসের নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, সভাপতি আনিসুল ইসলাম, নয়া সেতুর সভাপতি জয়া শিকদার, হিজড়া প্রতিনিধি পিংকি প্রমুখ বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন অনন্যা বণিক।