হিজড়াদের উপবৃত্তি ও প্রশিক্ষণ দেবে সরকার
হিজড়া শিক্ষার্থীদের উপবৃত্তি এবং কর্মক্ষম হিজড়াদের আয়বর্ধক প্রশিক্ষণ দেবে সরকার। পাইলট কর্মসূচির আওতায় সাতটি জেলায় এ কর্মসূচি পরিচালিত হবে।
গতকাল মঙ্গলবার সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আগারগাঁও সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ কর্মসূচির জন্য বর্তমান অর্থবছরে বাজেট রাখা হয়েছে ৭২ লাখ ১৭ হাজার টাকা। বর্তমান অর্থবছরেই ৩০০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি ও ৩৫০ জন কর্মক্ষম হিজড়াকে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মসূচিটি ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, পটুয়াখালী, বগুড়া ও সিলেটে পরিচালিত হবে।
আলোচনায় সভায় প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, হিজড়াদের সমাজের মূল ধারায় অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাছিমা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ পড়েন হিজড়াদের নিয়ে কর্মরত সংগঠন লোসাউকের চেয়ারম্যান নাজমুল আহসান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম বিশেষ অতিথি ছিলেন।
স্বাগত বক্তব্য দেন ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ কর্মসূচির পরিচালক নূরুন নাহার বেগম। বিজ্ঞপ্তি