হিজড়াদের সাংবিধানিক স্বীকৃতি দিতে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিজড়াদের সাংবিধানিক স্বীকৃতি দিতে জাতীয় সংসদকে উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনের মতো হিজড়া সমাজের জন্যও কমপক্ষে পাঁচটি আসন সংরক্ষণ করা দরকার।
গতকাল বুধবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে এসব সুপারিশ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশন (জামাকন) ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, কোনো হিজড়া বিনা চিকিৎসায় মারা যাবে, আশ্রয়ের অভাবে গাছতলায় রাত যাপন করবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইনগত ও রাষ্ট্রীয়ভাবেই হিজড়াদের অধিকার নিশ্চিত করা হয়েছে। সেখানে কোথাও কোনো ধরনের বৈষম্যের অবকাশ রাখা হয়নি। যে বৈষম্য, তা তৈরি করেছে সমাজ।
সেমিনারে সভাপতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সংখ্যা দিয়ে মানুষের মর্যাদা পরিমাপ করা যায় না। দয়া-দাক্ষিণ্য একজন নাগরিকের চাহিদা হতে পারে না। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। প্রবন্ধে বলা হয়, তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের যে স্বীকৃতি, তার আইনি রূপ দেওয়া দরকার। রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন সেবা ও সুযোগে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার মাধ্যমেই প্রান্তিকতা ঘুচিয়ে হিজড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা, সমাজে তাদের স্বাভাবিক গ্রহণযোগ্যতা বাড়ানো এবং তাদের জীবনমানে লক্ষণযোগ্য পরিবর্তন আনা সম্ভব। তাদের বঞ্চিত করা হলে তা হবে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাংসদ তারানা হালিম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূপন কান্তি শীল, মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, সচিব মো. আমজাদ হোসেন খান এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন আনিসুল ইসলাম।
সেমিনার থেকে হিজড়াদের বিষয়ে আরও কিছু সুপারিশ করা হয়। এগুলো হচ্ছে ব্যাংক, বিমা, হাসপাতাল, পাসপোর্ট ইত্যাদিতে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা রং বা ঘরের ব্যবস্থা করা, সরকারি হাসপাতাল-কমিউনিটি ক্লিনিকে হিজড়াদের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা, পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করা, খাসজমি বণ্টনে বয়স্ক হিজড়াদের অগ্রাধিকার দেওয়া ইত্যাদি।