হিজবুত তওহিদের আঞ্চলিক নেতাসহ ১১ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ গতকাল মঙ্গলবার ধর্মভিত্তিক গোপন সংগঠন হিজবুত তওহিদের দুই আঞ্চলিক নেতাসহ ১১ জন সদস্যকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ সাংগঠনিক পুস্তিকা, প্রচারপত্র ও সিডি উদ্ধার করা হয়েছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন—আকাবুল ইসলাম (২৮), জাহিদুল ইসলাম (২৭), শাহ আলম (৪০), শরিফুল ইসলাম (৩৭), শামীম হোসেন (২২), আওলাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (৪১), বেলাল হোসেন (২২), হাসমত উল্লাহ (১৯), মিরাজুল ইসলাম (৪০) ও নবীছদ্দিন (৪০)। সদর থানার পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গতকাল বিকেলে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার ও খেজুরা গ্রামে অভিযান চালিয়ে হিজবুত তওহিদের ছয়জন সদস্যকে আটক করে। একই সময় সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই সেকেন্দার আলীর নেতৃত্বে পুলিশের অপর একটি দল কুশোডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সংগঠনের আরও তিন সদস্যকে আটক করে। আটক ব্যক্তিরা সবাই নিজেদের হিজবুত তওহিদের সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দেন। এদিকে আটক নয় ব্যক্তিকে ছাড়িয়ে নিতে আকাবুল ও জাহিদুল নামের ওই সংগঠনের দুই নেতা সদর থানায় তদবির করতে গেলে পুলিশ তাঁদেরও আটক করে। এই দুই নেতা জানান, তাঁদের সংগঠনের কেন্দ্রীয় নেতা হলেন বায়েজীদ খান পন্নী। মেহেরপুর জেলার দায়িত্বে রয়েছেন কল্যাণপুর গ্রামের ইউসুফ আলী। সদর থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, আটক ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।