হিজবুত তওহিদের চার সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে ধর্মীয় বই বিতরণকালে জঙ্গি সংগঠন হিজবুত তওহিদের দুই সদস্য আটক হয়েছেন। অন্যদিকে দাওয়াত দিতে থানায় গিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে আটক হয়েছেন সংগঠনটির আরও দুজন সদস্য। দুটি ঘটনায় বেশ কিছু ধর্মীয় বই, সিডি, প্রচারপত্র ও মুঠোফোন জব্দ করা হয়েছে।রাজারহাট থানার পুলিশ জানায়, গত সোমবার রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় হিজবুত তওহিদের সদস্য রিয়াজুল ইসলাম (২০) ও রুবেল মিয়া (২০) ধর্মীয় বই বিতরণ করছিলেন। এ সময় স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে রাজারহাট পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে দাজ্জাল, জেহাদ, কেতাল ও সন্ত্রাস ইত্যাদি বই এবং বেশ কিছু প্রচারপত্র, সিডি এবং দুটি মুঠোফোন জব্দ করা হয়। আটক রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ইন্দ্রগর গ্রামের ছমির আলীর ছেলে ও ইন্দ্রগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। আর রুবেল মিয়া উলিপুর উপজেলার দক্ষিণ বামনাছড়া গ্রামের সাজু মিয়ার ছেলে। রুবেল এলাকার উমানন্দ উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছেন বলে জানিয়েছেন।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বলেন, গতকাল তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।জয়পুরহাটের আক্কেলপুর থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে দুই ব্যক্তি থানায় ঢুকে ওসির খোঁজ করেন। এ সময় ওসি থানায় ছিলেন না। কিছুক্ষণ পরে ওসি থানায় এলে তাঁরা ওসিকে হিজবুত তওহিদের বই দিয়ে আল্লাহর পথে আসার দাওয়াত দেন। এরপর তাঁদের আটক করা হয়। আটক দুজন হলেন: মেহেরপুর জেলার গাংনী উপজেলার সিন্দুর কৌটা গ্রামের মো. জাহিদ এসলাম (২০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রায়পুর গ্রামের আবু শহীদ (৩২)। রাজারহাট থানার ওসি সহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিজবুত তওহিদ নিষিদ্ধ সংগঠন। সংগঠনটির দুজন সদস্যের কাছ থেকে প্রচারপত্র ও বই পাওয়া গেছে। এ কারণে তাঁদের আটক করা হয়। তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে।