হিজবুত তওহিদের সদস্য সন্দেহে ৭ জন আটক
বরিশাল নগরের রূপাতলী ও উজিরপুর উপজেলা থেকে গত সোমবার হিজবুত তওহিদের সদস্য সন্দেহে সাতজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ধর্মীয় বই, প্রচারপত্র ও সিডি উদ্ধার করা হয়েছে। যাঁরা আটক হয়েছেন তাঁরা হলেন: বরিশাল সদরের আল আমিন মল্লিক, সুমন মল্লিক ও খুশি আক্তার এবং উজিরপুরের আবদুর রব, শরিফুল ইসলাম, জহিরুল ইসলাম ও হানিফ হাওলাদার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার সন্ধ্যায় উজিরপুরের চৌধুরীহাট বাজারে দাজ্জাল সিডি, বই ও প্রচারপত্র বিলিকালে হিজবুত তওহিদের চারজন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দাজ্জাল বই, ভিডিও সিডি, হিজবুত তওহিদের লক্ষ্য-উদ্দেশ্যসংবলিত বই ও প্রচারপত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, উজিরপুরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশালের রূপাতলী গাওসিয়া সড়কের আল আমিন মল্লিকের বাড়িতে রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।