হিজবুত তওহিদের ১৫ সদস্য আটক
সিডি বিক্রি এবং প্রচারপত্র বিতরণের সময় গতকাল শুক্রবার রাজশাহী মহানগরের বুধপাড়া ও চৌদ্দপাই এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তওহিদের ১২ সদস্যকে আটক করেছে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকা থেকে একই সংগঠনের ভারপ্রাপ্ত জেলা আমির শামসুল ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।রাজশাহীতে আটক ব্যক্তিরা হলেন জেলার তানোর উপজেলার সরনজই সরকারপাড়া গ্রামের মমিনুল ইসলাম (৪০); নগরের কাজলা এলাকার সুজন আলী (১৯), আশরাফ আলী (২৬) ও রবিউল ইসলাম (১৮); খোঁজাপুর জাহাজঘাট এলাকার শফিকুল ইলাম (১৯); ধরমপুর এলাকার নজরুল ইসলাম (৩৮) ও রবিউল আওয়াল (৩৫); রানীনগর মোন্নাফের মোড়ের মিজানুর রহমান (২৭); নতুন বিলশিমলা এলাকার আসাদুজ্জামান খান (২৭) এবং বাজে কাজলা এলাকার এসলাম (১৯), ডলি খাতুন (২২) ও নার্গিস (২৩)। নার্গিসের সঙ্গে তাঁর আড়াই বছর বয়সী একটি মেয়ে রয়েছে।চাঁপাইনবাবগঞ্জে আটক ব্যক্তিরা হলেন সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির ও শহরের বালুবাগান এলাকার শামসুল ইমাম (২৩), সিঅ্যান্ডবি ঘাট এলাকার আখতার হোসেন (৩৫) ও রাজশাহীর বাগমারা এলাকার আবদুস সালাম।রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সিডি বিক্রি এবং প্রচারপত্র বিলির সময় স্থানীয় লোকজন তাঁদের ধরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁদের আটক করে। তাঁদের কাছ থেকে সিডি ও প্রচারপত্র জব্দ করা হয়। আজ শনিবার তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। ওসি জানান, আটক ব্যক্তিদের মধ্যে এসলাম, ডলি খাতুন ও শফিকুল ইসলামকে গত ২৬ সেপ্টেম্বর এবং রবিউল ইসলামকে ১ অক্টোবর একই ধরনের কাজ করার সময় গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা জামিনে বের হয়ে এসে আবার ওই কাজে অংশ নেন।এদিকে চাঁপাইনবাবগঞ্জে হিজবুত তওহিদের তিন সদস্যকে আটকের ঘটনা নিশ্চিত করেছেন র্যাব-৫-এর রাজশাহীর সহকারী পরিচালক মীর্জা গোলাম সারোয়ার। তিনি জানান, প্রচারপত্র বিলির সময় ওই তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে হিজবুত তওহিদের কিছু প্রচারপত্র ও বই উদ্ধার করা হয়েছে। তাঁদের র্যাব-৫-এর রাজশাহী সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।