হিজবুত তাহরীর সন্দেহে তিন ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে আটক করেছে র‌্যাব-২।

গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে ধানমন্ডি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের বাসা থেকে হিজবুত তাহরীরের ১৮টি বই, ১২টি ম্যাগাজিন, সাড়ে পাঁচ শ লিফলেট, একটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, নাশকতা ঘটিয়ে সরকার উত্খাত করাই ছিল আটক ছাত্রদের প্রধান লক্ষ্য।

আটক তিনজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র তারিক আহসান, বেসরকারি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্র মো. সাইফুল্লাহ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এম এম রাশেদুল আলম।

র‌্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আনিসুর রহমান জানান, নাশকতা ঘটিয়ে সরকার উত্খাতের পরিকল্পনা ছিল আটক তিনজনের প্রধান লক্ষ্য। আজ দুপুরে শেরেবাংলা নগরে র‌্যাব-২-এর কার্যালয়ে এ কথা বলেন তিনি।

লে. কর্নেল আনিসুর রহমান আরও জানান, রমজান মাসে মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে হিজবুত তাহরীরের সদস্যরা তাঁদের দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করেছেন। এর মাধ্যমে মানুষকে প্রভাবিত করে তাঁরা দলে ভিড়িয়ে শক্তি সঞ্চয় করেন। শক্তি অর্জনের পরপরই জঙ্গি তত্পরতা শুরুর চেষ্টা করে হিজবুত তাহরীর। আটক তিনজনকে ধানমন্ডি থানায় হস্তান্তর করে মামলা করা হবে বলে তিনি জানান।