হিজবুত তাহরীরের নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের আঞ্চলিক নেতা তানজীব আহমেদ ওরফে আশরাফুলকে (২২) আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তানজীব আহমেদ পুরাতন কসবা এলাকার আবদুল আজিজের ছেলে ও যশোর সরকারি সিটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। গতকাল বেলা সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত ৪ সেপ্টেম্বর হিজবুত তাহরীরের অনলাইন সম্মেলন হয়। পরে সংগঠনটির নেতাদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়। এরপর তানজীবকে আটক করা হয়েছে। পুলিশ সুপার বলেন, তানজীবের কাছ থেকে সংগঠনের প্রচারপত্র ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।