বরিশালের হিজলায় সভামঞ্চে ছাত্রলীগের হামলা, ভাঙচুর এবং প্রশাসনের নিষেধাজ্ঞায় নির্ধারিত কর্মিসভা করতে না পেরে গতকাল সোমবার আধা বেলা হরতাল পালন করেছে উপজেলা ছাত্রদল।
গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই হরতাল পালিত হয়। হরতালের সময় ছাত্রদলের কর্মীরা একটি টেম্পো ভাঙচুর করেন। উপজেলা সদর, হরিনাথপুরসহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। বান্দেরহাটে বেশ কয়েকটি টমটম উল্টে দেওয়া হয়।
পুলিশ ছাত্রদলের কর্মী মো. রুবেল ও ছাত্রশিবিরের কর্মী মো. মামুনকে আটক করেছে। হরতালে হিজলা-মুলাদী-মীরগঞ্জ রুটে বাস এবং হিজলা উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নের রুটগুলোতে টেম্পো চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল উপজেলার অনেক দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ায় ছাত্রদলের একজন ও শিবিরের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার হিজলার খুন্না বন্দরসংলগ্ন ইভদো সোসাইটি মাঠে ছাত্রদলের পূর্বনির্ধারিত ওই কর্মিসভা ছিল। কিন্তু শুক্রবার রাতে সেখানে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে মঞ্চ ভাঙচুর করেন এবং রোববার একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেন।