হিজলায় এক জরিপকারীর দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার (জরিপকারী) আক্তারুজ্জামানের দাপটে দিশেহারা হয়ে পড়েছে ভূমিহীন এবং সাধারণ মানুষ। অবৈধভাবে অর্থের বিনিময়ে একজনের সম্পত্তি অন্যের নামে করিয়ে দেওয়াসহ নানা অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তিরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তাঁদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগসাজশ থাকায় তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।ভুক্তভোগী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ১৯৯৯-২০০০ সালে বন্দোবস্ত দেওয়া খাসজমি শতাধিক ভূমিহীন বুঝে পাওয়ার জন্য দফায় দফায় সার্ভেয়ার আক্তারুজ্জামানকে তাগাদা দিলেও কোনো কাজ হয়নি। ভূমিহীন ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ২১ এপ্রিল জেলা প্রশাসক তাঁদের মধ্যে ওই জমি বুঝিয়ে দেওয়ার জন্য হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। ভূমিহীন ব্যক্তিদের অভিযোগ, ঘুষ নিয়েও সার্ভেয়ার আক্তারুজ্জামান তাঁদের জমি বুঝিয়ে দেননি। বরং হরিনাথপুর ও মেমানিয়া ইউনিয়নের ৪৯ কৃষকের কাছ থেকে আবারও ঘুষ দাবি করেন। এ ব্যাপারে ২০০৮ সালের ৬ মে জেলা প্রশাসকের কাছে ওই ৪৯ জন অভিযোগ করেন। এর পরও জমি বুঝে না পেয়ে তাঁরা ওই বছরের ৭ আগস্ট পুনরায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।আক্তারুজ্জামানের বিরুদ্ধে ২০১১ সালের ২০ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী জাহিদ চৌধুরী। লিখিত অভিযোগে তিনি বলেন, হিজলা উপজেলার চিড়াখোলা, দেবুয়া-বাউশা মৌজায় বিভিন্ন দাগে তাঁর বাবা সামসুদ্দোহা চৌধুরীসহ ১৫ জনের নামে ২৯৯ একর সম্পত্তি আছে। মোকদ্দমা শেষে ১৯৯৪ সালের ৩ এপ্রিল প্রয়োজনীয় রেকর্ড সংশোধনী ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। ওই জমির নামজারির জন্য আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ জন্য তাঁর কাছে ১৫ লাখ টাকা দাবি করেন।জাহিদ চৌধুরী বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তা সত্ত্বেও গত বছর ১৬ সেপ্টেম্বর আক্তারুজ্জামান ওই নামজারির জন্য আমার কাছে পুনরায় ১৫ লাখ টাকা দাবি করেন। বাধ্য হয়ে আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করি। কিন্তু ওই অভিযোগের পর আজ পর্যন্ত কোনো প্রতিকার পাইনি।’এ ব্যাপারে উপজেলা নাজির রিয়াজুল ইসলাম বলেন, ‘আক্তারুজ্জামানের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনি। আক্তারুজ্জামান অনেকটা তাঁর ইচ্ছামাফিক কাজ করায় সমস্যা হচ্ছে।’ টুমচর গ্রামের আফসার সিকদার বলেন, ‘সুলতানপুর মৌজায় আমার চার একর ৬৪ শতাংশ জমি খাস দেখিয়ে আক্তারুজ্জামান ঘুষের বিনিময়ে ভূমিহীন ব্যক্তিদের মাঝে বিতরণ করেন। পরে আমি এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করি। এলাকার মানুষ তাঁর দুর্নীতিতে অতিষ্ঠ।’ হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজামউদ্দিন তালুকদার অভিযোগ করেন, আক্তারুজ্জামান বিভিন্ন সময়ে প্রায় ১০০ ভূমিহীন কৃষকের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা করে ঘুষ নিয়েও জমি বুঝিয়ে দেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা আহসান হাবিব বলেন, ‘আক্তারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এটা ঠিক। তবে তাঁর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা আক্তারুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁকে অন্যত্র সরিয়ে নেওয়ার সুপারিশ করেছি।’আক্তারুজ্জামান বলেন, জেএল ১৮ সুলতানপুর মৌজার চার একর ৬৪ শতাংশ ভূমি রেকর্ডীয়। তবে রেকর্ডীয় জমি খাস দেখানো হয়নি। জমি নামজারি করার জন্য ১৫ লাখ টাকা দাবি করার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমি হাসতে হাসতে বলেছি। আমার এমন কোনো ক্ষমতা নেই যে ২৯৯ একর জমি নামজারি করে দিতে পারি। তবে আমি রক্ত-মাংসের মানুষ, আমার কিছু ভুল হতে পারে।’