বরিশালের হিজলা উপজেলায় নষ্ট হামের টিকায় তিন শিশুর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই ঘটনার তদন্ত দলের প্রধান ডেপুটি সিভিল সার্জন আবদুর ছত্তার। এ বিষয়টি উল্লেখ করে তাঁর নেতৃত্বাধীন তদন্ত দল গত বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন অনিল চন্দ্র দত্তের কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে।এদিকে ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের আরেকটি তদন্ত দল গঠন করা হয়েছে। ওই দলের সদস্যরা হলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ও বরিশালের সিভিল সার্জন। এদিকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গঠিত স্থানীয় তদন্ত কমিটি বাতিল করা হয়েছে। বরিশালের সিভিল সার্জন অনিল চন্দ্র দত্ত গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, গত বুধবার দুপুরে হামের টিকা দেওয়ার পর ওই দিন রাতে হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের অনিল কুমার কুলুর ছেলে রিতম, অনিলের ভাই পঞ্চম কুলুর মেয়ে তৃষা এবং প্রফুল্ল ঢালীর মেয়ে তমার মৃত্যু হয়। এ ঘটনা তদন্তে পরদিন বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয় ও হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুটি দল গঠন করা হয়। ডেপুটি সিভিল সার্জন আবদুর ছত্তার জানান, কালিকাপুর কমিউনিটি সেন্টারে তিন শিশুকে নেওয়ার আগেই হামের টিকা শেষ হয়ে যায়। পরে অন্য কেন্দ্র থেকে টিকা আনার সময় আবহাওয়াজনিত কারণে তা নষ্ট হয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নষ্ট টিকার বিষক্রিয়ায় শিশুদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেপুটি সিভিল সার্জন বলেন, উচ্চপর্যায়ের দল ঘটনার আরও তদন্ত করলে আশা করি আরও তথ্য বের হবে।সিভিল সার্জন অনিল চন্দ্র দত্ত জানান, ঢাকা থেকে ইপিআইয়ের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। আজ শনিবার আবহাওয়া অনুকূলে থাকলে ওই দুই কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। তদন্ত শেষে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।