হিজড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ
দক্ষতা উন্নয়নের মাধ্যমে অবহেলিত ও সুবিধাবঞ্চিত হিজড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। পরীক্ষামূলক প্রকল্পের অধীনে ২০ জনকে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।গতকাল সোমবার মিরপুরের ইউসেপ কার্যালয়ে ছয় সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী কর্মসূচির উদ্বোধন করেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ‘ইন্টিগ্রেশন অব ট্রান্সজেন্ডার কমিউনিটি ইনটু মেইনস্ট্রিম সোসাইটি’ শীর্ষক এ কর্মসূচিতে আর্থিক সহায়তা দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান ইউসেফ যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৫ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল খান চৌধুরী বলেন, ‘এ বিষয়ে কাজ শুরুর আগে আমরা অন্ধকারে ছিলাম। জানতাম না হিজড়ারা কীভাবে জীবনযাপন করে। এদের সম্পর্কে সমাজে রয়েছে নেতিবাচক ধারণা। এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এগিয়ে আসতে হবে গণমাধ্যমকে। সরকারিভাবে প্রথমবারের মতো এ উদ্যোগ সফল হলে পরে আরও বড় উদ্যোগ নেওয়া সম্ভব হবে।’ প্রকল্প সম্পর্কে প্রকল্পের দলনেতা এস এম এবাদুর রহমান বলেন, পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির অধীনে তিনটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হিজড়া সম্প্রদায় সম্পর্কে সমাজের মূল স্রোতধারায় বিরাজমান নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। ২০ জন হিজড়াকে দুটি বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের পর তাঁদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। হিজড়া সম্প্রদায়কে নিয়ে ফাউন্ডেশন গঠনেরও পরিকল্পনা রয়েছে। সামাজিক প্রতিবন্ধকতা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বাঁধন হিজড়া সংঘের সভাপতি পিংকি শিকদার বলেন, ‘হিজড়া সম্প্রদায় তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পরিবারে বাবা-মা যেখানে তাদের স্বীকৃতি দেন না, সেখানে সমাজ কীভাবে স্বীকৃতি দেবে। হিজড়ারা লেখাপড়া ও কাজের সুযোগ পায় না। সরকারের সহায়তায় এই জনগোষ্ঠী উপকৃত হবে।’ অনুষ্ঠানে ইউসেপ পরিচালনা পর্যদের সভাপতি ওবায়দুর রব, নির্বাহী পরিচালক আফতাব উদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন প্রকল্পের পরিচালক বাবর আলী, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল কাশেম প্রমুখ বক্তব্য দেন।