হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ
বাংলা নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হিজড়াদের চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। গতকাল শনিবার দিনভর উপজেলার পৌর এলাকার ধানগড়া বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি গিয়ে তাঁরা মানুষজনকে বিড়ম্বনায় ফেলেন।
ধানগড়া এলাকার গৃহবধূ শিউলি ইয়াসমিন বলেন, ‘হিজড়ারা এখন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়াও বাড়ি বাড়ি চাল অথবা টাকা আদায় করছে। বাড়িতে হঠাৎ তিন-চারজন হিজড়া ঢুকে নববর্ষের জন্য চাল অথবা টাকা দাবি করে। উপায় না দেখে তাদের চাহিদামতো চাল দিয়ে রক্ষা পাই।’
ধানগড়া বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ‘আগে হাটবারে এলেও এখন নানা উপলক্ষে টাকা নিতে হিজড়ারা আসা শুরু করেছে। ওরা দোকানে এলে ক্রেতাদের কথা চিন্তা করে যত তাড়াতাড়ি পারি বিদায় করি।’ আরেক ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘দোকানের দিকে আসা দেখলেই টাকা ঠিক করে রাখি, কারণ দোকানে ঢুকেই উল্টাপাল্টা বলা শুরু করে। শুধু দোকানে নয় রাস্তার পাশের অথবা তরকারির দোকানও বাদ যায় না ওদের হাত থেকে।’
নাজমা নামের এক হিজড়া জানান, পরিবার ও সমাজ থেকে আলাদা থাকতে থাকতে তাঁদের এ অবস্থা। কাজ করতে চাইলেও কেউ দেয় না বরং নানা রকম উপহাস করে। সাবিনা নামের আরেকজন বলেন, ‘সমাজ আমাদের ভালো হতে দেয় না। পেটের ধান্দায় তাই যখন যেভাবে পারি, লোকজনের কাছ থেকে টাকা আদায় করি।’
রায়গঞ্জ উপজেলায় কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-এর অঞ্চল সভাপতি কামরুল হাসান বলেন, ধানগড়া মধ্যপাড়ার একজন হিজড়াকে তাঁদের সংস্থায় চাকরি দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক দিন কাজ করেই তিনি পালিয়ে যান।
রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম বলেন, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৭৫ জন হিজড়া রয়েছেন। এলাকাবাসী জানান, জেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এঁদের মূল আড্ডা। দিনের শুরুতে এখানে একত্রিত হয়ে তাঁরা দলে দলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন।