হিজড়াদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ
‘চুল তিনভাবে কাটা যায়। প্রথমটি ভি কাট, দ্বিতীয়টি ইউ কাট এবং তৃতীয়টি স্টেপ কাট। আজ ভি কাট চুল কীভাবে কাটা হয় তা শেখানো হবে। এর আগে কারিগর ও কাস্টমার উভয়কে অ্যাপ্রোন পরতে হবে।’
গতকাল বৃহস্পতিবার এভাবেই স্মৃতি সবুর নামের এক প্রশিক্ষক ব্রাহ্মণবাড়িয়ার সমাজসেবা কার্যালয় মিলনায়তন কেন্দ্রে হিজড়াদের সৌন্দর্যচর্চার (পারলার) ওপর প্রশিক্ষণ দেন। ৪ জুন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় সমাজসেবা কার্যালয়ে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী এ কর্মসূচি চলছে।
চলতি জীবনধারা থেকে মূলধারায় ফিরিয়ে আনতে ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’ কর্মসূচির অধীনে ওই প্রশিক্ষণ শুরু হয়। এর অধীনে ৫০ জন হিজড়াকে পারলারের কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলবে ৩১ জুলাই পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার ছিল প্রশিক্ষণের ২০তম দিন। এদিন সকালে শহরের মেড্ডা এলাকায় সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের মিলনায়তন কেন্দ্রে প্রশিক্ষণার্থী ৫০ জন হিজড়াই উপস্থিত। সখিনা নামের একজনকে চুল কাটার প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। প্রশিক্ষণ ভালো করে দেখতে পেছনের দিকে বসা কয়েকজন হিজড়া সামনের দিকে আসেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া পায়েল, পপি, হ্যাপি, তানভিন, জোৎ নামের কয়েকজন বলেন, গত কয়েক দিনের প্রশিক্ষণে চুল কাটা, চুলে কালার করা, পাম্প করা, ভ্রু তোলা ও ফেসিয়াল করা শিখেছেন তাঁরা। এ প্রশিক্ষণ চলার ২০ দিনে তাঁরা চাঁদাবাজি ও অন্যান্য কাজে অংশ নেননি।
হিজড়াদের জীবনমান উন্নয়ন প্রকল্প পরিষদের সমন্বয়কারী আল মামুন সরকার বলেন, হিজড়াদের স্বাবলম্বী করতেই সরকার এ প্রকল্প হাতে নিয়েছে। রূপচর্চার প্রশিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরির জন্য এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।