বরিশালে হিজড়াদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালায় বক্তারা বলেন, ‘হিজড়া সম্প্রদায় আমাদের একজন। তাদের প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।’
নগরের অশ্বিনীকুমার হল চত্বর থেকে গতকাল রোববার সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় হিজড়া প্রাইড-২০১৪। সমাজকল্যাণ মন্ত্রণালয়, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ইউএনএইডস যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে হিজড়ারা তাঁদের বঞ্চনার কথা তুলে ধরেন। এই অবহেলা ও বঞ্চনা থেকে রক্ষার দাবি তুলে তাঁরা বলেন, স্বাভাবিকভাবে সমাজে জীবনযাপনের অধিকার থেকে যেন বঞ্চিত করা না হয়।
একজন বলেন, ‘সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেও আমাদের পরিবারে জায়গা হয়নি। যখন একটু বড় হয়েছি, তখন পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর পর থেকে পথে-প্রান্তরে ঘুরে বেড়িয়েছি। একপর্যায়ে আশ্রয় মেলে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে। এখানে দলগতভাবে অন্ন-বস্ত্র সংগ্রহের চেষ্টা করা হয়। রাস্তায় বের হলে নানা ধরনের মন্তব্য শুনতে হয়। কেউ সহমর্মী হয় না। সবাই অবজ্ঞা করে।’
আরেকজন বলেন, ‘সমাজ আমাদের মানুষ হিসেবে দেখে না। আমরা যেন এই সমাজের মানুষই নই। সবাই আমাদের অপমান, অবহেলা ও ঘৃণা করে। সমাজ আমাদের বোঝা মনে করে। প্রতিদিন অপমান সহ্য করতে হয়। অথচ আমাদের জীবন আছে। বাঁচার জন্য খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে হয়। এসব সংগ্রহ করা খুবই কঠিন হয়ে পড়ে। আমরা এখান থেকে মুক্তি চাই। আমাদের স্বীকৃতি দেওয়া হোক।’ একই অভিব্যক্তি জানান, আর কয়েকজন।
বেলা ১১টায় হয় পরামর্শক সভা। সমাজকল্যাণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উপপরিচালক মনোজ কুমার ঘরামীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ মহিলাবিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক রাশিদা বেগম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী হোসনে আরা, উপপুলিশ কমিশনার (সদর) শোয়েব আহমেদ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি উম্মে ফারহানা জেরিন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাত পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হিজড়া সম্প্রদায় আমাদের সমাজের একজন। হিজড়াদের তৃতীয় লিঙ্গের সম্মান জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তাঁদের প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায় রয়েছে।
সভা চলাকালে হলের সামনে হয় মেহেদি উৎসব। বেলা আড়াইটায় হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা।