হিজড়াদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের মূল স্রোতধারায় অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে গতকাল শুক্রবার রাজধানীতে উদ্বুদ্ধকরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হওয়া ওই শোভাযাত্রা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ম্যাট ২ প্রশিক্ষণের অংশ হিসেবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় উপসচিব পর্যায়ের কর্মকর্তা সমন্বয়ে একদল প্রশিক্ষণার্থী হিজড়াদের নিয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে গতকাল গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ওই শোভাযাত্রা আয়োজন করা হয়। কর্মসূচি থেকে হিজড়া জনগোষ্ঠীর আইনগত অধিকারের দাবি তুলে ধরা হয়।তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন এর উদ্বোধন করে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করলে পিছিয়ে পড়া হিজড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসতে হবে এবং এ জন্য তাদের নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।শোভাযাত্রায় হিজড়া সম্প্রদায়ের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। লিঙ্গ বৈকল্যের শিকার হয়ে সমাজের মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন হিজড়া সম্প্রদায়ের কয়েকজন সদস্য জানান, মা-বাবা, ভাইবোনও তাদের মেনে নিতে চায় না। ভোটাধিকার নেই, উত্তরাধিকার হিসেবে সম্পত্তিতে নেই তাদের অধিকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এস এম এবাদুর রহমান বলেন, ‘আমাদের সমাজে হিজড়া জনগোষ্ঠীকে সাধারণত ভালো চোখে দেখা হয় না। আমাদের উদ্দেশ্য, মানুষের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটানো।’