হিজড়ার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আজ বৃহস্পতিবার এক হিজড়ার বিরুদ্ধে নয় বছর বয়সী শিশু সুমি আক্তারকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সুমির বাবা বাচ্চু গাজী রিকশাচালক এবং মা সুফিয়া বেগম বনানীর চেয়ারম্যান বাড়িতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

বনানী থানার পুলিশ জানায়, শিশু সুমি তার মা-বাবার সঙ্গে মহাখালীর কড়াইল বস্তিতে থাকত। আজ সকালে সুমিকে একা বাসায় রেখে তার মা-বাবা কাজে বাইরে যান। মেয়ের মৃত্যুর খবর শুনে তাঁরা বাসায় ফিরে দেখেন, বস্তিঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে সুমি। পরে বস্তিবাসী থানায় খবর দিলে বনানী থানা পুলিশ বস্তির আড়া থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত সুমির লাশ নামিয়ে আনে। বেলা দুইটার দিকে পুলিশ সুমির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুমির মা-বাবা একমাত্র সন্তানকে হারিয়ে বিলাপ করতে করতে বলেন, ‘চুরির অপবাদ দিয়া হিজড়া প্রিয়া আমার সন্তানকে মেরে ফেলেছে। এহন কী নিয়া আমরা বাঁচুম।’ 

সুমির মা-বাবা জানান, সুমি ও প্রতিবেশী খোদেজার মেয়ে হালিমা পাশের হিজড়া প্রিয়ার ঘরে প্রায়ই খেলতে যেত।

বস্তির একাধিক বাসিন্দা জানান, আজ সকালে হিজড়া প্রিয়া চিত্কার করে বলতে থাকে, তাঁর ঘর থেকে পাঁচ হাজার টাকা চুরি হয়েছে। হাতের মুঠোয় চুল ধরে সুমিকে ঘোরাতে থাকলে সে টাকা চুরির কথা স্বীকার করে। এর আগেও তাঁর ঘর থেকে প্রথমে ২০০ ও ৪০০ টাকা চুরি হয়। 

বনানী থানার অপারেশন কর্মকর্তা আবু বকর মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, হিজড়া প্রিয়া প্রথমে শিশু সুমিকে মারধর করে, পরে শ্বাসরোধ করে হত্যা করে শিশুটিকে তাঁদের ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। ক্ষুব্ধ বস্তিবাসীর রোষানল থেকে আরও চার হিজড়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে বনানী থানায় হত্যা মামলা হয়েছে।