নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ‘হিট লিস্টে’ থাকা কয়েকজন লেখক ও ব্লগার দ্য গার্ডিয়ান পত্রিকাকে জানিয়েছেন, তাঁরা লেখালেখি ছাড়বেন না।
যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান গতকাল বুধবার ব্লগারদের প্রতি উগ্রপন্থীদের হুমকি নিয়ে একটি প্রতিবেদন করেছে।
প্রতিবেদনে আনসারুল্লাহ বাংলা টিমের ‘হিট লিস্ট’ তৈরির কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, গার্ডিয়ান হুমকিতে থাকা বেশ কয়েকজন ব্লগারের সঙ্গে কথা বলেছে। তাঁরা ভয়ে দমে গিয়ে লেখা বন্ধ করবেন না বলে জানিয়েছেন।
খবরে আরও বলা হয়, আনসারুল্লাহ বাংলা টিমের তালিকায় যুক্তরাজ্যভিত্তিক নয়জন ব্লগারের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া জার্মানিভিত্তিক সাতজন, যুক্তরাষ্ট্রভিত্তিক দুজন এবং কানাডা ও সুইডেনভিত্তিক একজন করে ব্লগারের নাম আছে। এ তালিকায় বিদেশে থাকা কিছু বাংলাদেশিরও নাম রয়েছে। তালিকায় নাম থাকা অন্যরা হয় পশ্চিমা কোনো দেশের নাগরিক, নয়তো তাঁদের দুই দেশের নাগরিকত্ব রয়েছে।
আনসারুল্লাহ বাংলা টিম ইন্টারনেটে বিবৃতি দিয়ে ওই তালিকা প্রচার করেছে। তাঁদের বিরুদ্ধে গত ১৮ মাসে বাংলাদেশে কয়েকজন ব্লগারকে হত্যা করার অভিযোগ রয়েছে। এরা কেউ কেউ প্রচলিত ধর্মবিশ্বাসের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।