হিডে অচলাবস্থা, আন্দোলনকারী আট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের যেসব কর্মকর্তা নির্বাহী পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এবং আন্দোলন করেছিলেন, তাঁদের বরখাস্ত বা বদলি করা হচ্ছে। হিডের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, গত এক সপ্তাহে আট কর্মকর্তাকে বদলি বা বরখাস্ত করা হয়েছে। ফলে তাঁরা আতঙ্কে আছেন।কর্মকর্তারা জানান, নির্বাহী পরিচালক এলগিন সাহার অনিয়ম ও দুর্নীতির কারণে দাতা সংস্থার কাছ থেকে হিড আর সাহায্য পাচ্ছে না। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক প্রকল্প। ফলে এখানকার চার হাজার কর্মীর চাকরি এখন হুমকির মুখে। এসবের পরিপ্রেক্ষিতে তাঁরা এনজিও ব্যুরোতে কয়েক দফা চিঠি দিয়ে এসব অনিয়মের তদন্ত দাবি করেন।কর্মকর্তারা জানান, ব্যুরোর এই চিঠির পরিপ্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর নির্বাহী কমিটির বৈঠক হয়। বৈঠকে এলগিন সাহাকে ৮ ডিসেম্বর ২০০৯ থেকে ৭ জানুয়ারি ২০১০ পর্যন্ত এক মাসের ছুটি দেওয়া হয়। কিন্তু এলগিন সাহা আদেশ না মানায় কর্মীরা টানা ধর্মঘট শুরু করেন।প্রতিষ্ঠানের সামাজিক উন্নয়ন কর্মসূচির সমন্বয়ক জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, কর্মীদের ধর্মঘটের মুখে ১৭ ডিসেম্বর এলগিন সাহা স্থানীয় ওয়ার্ড কমিশনারের মধ্যস্থতায় হিড বাংলাদেশের নির্বাহী বোর্ডের ছয়জন সদস্যের উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তি করেন। চুক্তিতে বলা হয়, বর্তমানে কোনো কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত বা বাধ্যতামূলকভাবে পদত্যাগ করানো যাবে না। হিডের সব কাজকর্ম স্বাভাবিকভাবে চলবে। কিন্তু চুক্তি না মেনে নির্বাহী পরিচালক অন্যায়ভাবে প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক শান্তিধন সমাদ্দারকে ২৪ ডিসেম্বর বদলি করেন। সামাজিক উন্নয়ন কর্মসূচির ব্যবস্থাপক বিশ্বনাথ রায়কে ৩ জানুয়ারি ওএসডি, প্রচার ও তথ্য বিভাগের জন জ্যোতিষ বাড়ৈকে বরখাস্ত এবং এডওয়ার্ড নোয়েল পান্ডেকে বদলি করা হয়েছে। সিডর কর্মসূচির প্রধান পিউস ছেড়া ও আরেক ব্যবস্থাপক মার্কাস সরেনকে করা হয়েছে অপসারণ। পুতুল গাইনকে পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকার বাইরে।