হিথ্রো বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষে হাতাহাতি
স্বেচ্ছাসেবক লীগের তিন কেন্দ্রীয় নেতাকে অভ্যর্থনা জানাতে গিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গত শুক্রবার রাতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ রোববার পূর্ব লন্ডনে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় আমন্ত্রিত হয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম এবং দপ্তর সম্পাদক সালেহ মোহাম্মদ শুক্রবার রাতে লন্ডনে পৌঁছান। তাঁদের অভ্যর্থনা জানাতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষ বিমানবন্দরে যায়। রাত সাড়ে আটটার দিকে যখন নেতারা বেরিয়ে আসেন, তখন তাঁদের হাতে ফুল তুলে দিতে শুরু হয় ধাক্কাধাক্কি। এরপর লিফটে ওঠার সময় কিল-ঘুষি মেরে এক পক্ষÿআরেক পক্ষকে সরিয়ে দেয়। পরে নেতাদের গাড়িতে তোলা নিয়ে বাধে হাতাহাতি।
আবদুল আলীম প্রথম আলোকে বলেন, সভাপতি সায়েদ আহমদ এবং সাধারণ সম্পাদক সানু মিয়ার নেতৃত্বে যে কমিটি রয়েছে সেটাই যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের একমাত্র কমিটি।
তবে সারওয়ার আহমদ এবং ইকবাল হোসেনের নেতৃত্বে অপর যে পক্ষটি তাদের অভ্যর্থনা জানাতে গিয়েছিল, তাদের চেনেন না বলে জানান আবদুল আলীম।