অভিযোগ সত্যি হলে প্রতিবাদ জানানো হবে: সংস্কৃতিমন্ত্রী
হিন্দি 'গুন্ডে' চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের অবমাননা
ভারতে আলী আব্বাস জাফর পরিচালিত গুন্ডে চলচ্চিত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও ব্লগসহ বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে। ১৪ ফেব্রুয়ারি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্র হিন্দির পাশাপাশি কলকাতায় বাংলা ভাষায়ও মুক্তি পায়।
গুন্ডে চলচ্চিত্রটি শুরুর প্রথম ভাগেই একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিওচিত্র দেখানোর পাশাপাশি হিন্দি ভাষায় বলা হয়, ১৬ ডিসেম্বর ১৯৭১, হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ শেষ হয়। ৯০ হাজার পাকিস্তানি সেনা হিন্দুস্তানের সেনাদের সামনে আত্মসমর্পণ করে। জন্ম হয় এক নতুন দেশ, বাংলাদেশ।
হিন্দিতে আরও বলা হয়, যখন হিন্দুস্তানের সেনা ঢাকা ছেড়ে যাচ্ছিল তখন কাঁটাতারের পেছনে দাঁড়িয়ে ছিল ১১-১২ বছরের দুই অনাথ বন্ধু বিক্রম ও বালা। বুঝতে পারছিল না তাদের সঙ্গে যা হলো তা কি ঠিক ছিল নাকি ভুল। নতুন দেশ কি তাদের নতুন জীবন দেবে?
চলচ্চিত্রটির শুরুতে দেখানো হয় ভারতীয় যোদ্ধাদের সামনে আত্মসমর্পণ করছে পাকিস্তানি সেনারা। আর জন্ম হচ্ছে বাংলাদেশের। পেছনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর পোস্টার। উদ্বাস্তু শিবিরের সামনে দিয়ে রুটি ছুড়তে ছুড়তে চলেছে ত্রাণের গাড়ি। আর কাদামাটি থেকে তা কুড়িয়ে খাচ্ছে অসহায় মানুষ।
চলচ্চিত্রটি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্রটি আমি দেখিনি, তবে শুনেছি। এর মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সরকারিভাবে এর প্রতিবাদ জানানো হবে।’
বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে গুন্ডে নিয়ে সমালোচনা চলছে। সবারই অভিযোগ, এ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধকে হেয় করা হয়েছে।
জাহিদ কবীর হিমন এ বিষয়ে ফেসবুকে লিখেছেন, ‘...ভারতীয়রাও মনে করতে পারে যে সবই তাদের অবদান। কিন্তু যারা মুক্তিযুদ্ধের মূল উদ্দেশ্যকে মনে-প্রাণে লালন করি তারা বলি যে, সব কৃতিত্ব মুক্তিবাহিনীর আর ভারত শুধু আমাদের সাহায্য করেছে।’ ফেসবুক ব্যবহারকারী ফখরুদ্দীন লিখেছেন, ‘গুন্ডে ছবিতে বাংলাদেশিদের আবেগের ওপরে গুন্ডামি হয়েছে।’
ফেসবুকের পাশাপাশি ব্লগগুলোতেও চলছে গুন্ডে চলচ্চিত্র নিয়ে সমালোচনা। এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, যে পরিচালক এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন, তাঁর ইতিহাস-জ্ঞানের অভাব রয়েছে। এই চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধকে খাটো করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একাত্তরে আমাদের মিত্রবাহিনী হিসেবে কাজ করেছে, এর বেশি কিছু নয়।’ এই চলচ্চিত্র সংশোধন করা উচিত বলে মনে করেন তিনি।
এদিকে যশরাজ ফিল্মসের নামে খোলা ফেসবুক পেজে এ ঘটনায় দুঃখ প্রকাশ করার কথা বলা আছে। তবে এটি যশরাজ ফিল্মসের পেজ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ, প্রতিষ্ঠানটির নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি।