জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী ফয়েজ উদ্দিন আহমেদ (৮০)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে ফরিদপুরের চরভদ্রাসনের হিন্দু-অধ্যুষিত বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগকারীদের দলে বিহারি, শান্তি কমিটির লোকজনের সঙ্গে মুজাহিদও ছিলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফয়েজ উদ্দিনের সাক্ষ্য নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় আসামির কাঠগড়ায় মুজাহিদ হাজির ছিলেন।জবানবন্দিতে ফয়েজ উদ্দিন বলেন, একাত্তরে তাঁর বাড়ি ছিল ফরিদপুরের চরভদ্রাসন থানার চর হরিরামপুর গ্রামে। সে সময় তিনি পাংশা থানার রতনদিয়া সরকারি ডিসপেনসারিতে কাজ করতেন। ২১ এপ্রিল ফরিদপুরে পাকিস্তানি সেনাদের প্রবেশের খবর পাওয়ার কয়েক দিন পর তিনি চর হরিরামপুরের বাড়িতে যান। একদিন তিনি পাশের বৌদ্ধডাঙ্গী, বালিয়াডাঙ্গী, সরকারডাঙ্গী, মাঝিডাঙ্গী প্রভৃতি হিন্দু-অধ্যুষিত গ্রামে আগুন জ্বলতে দেখেন। পূর্ব দিক থেকে গ্রামগুলোতে অগ্নিসংযোগকারীদের ওই দলে বিহারি, হাম্মাদ মাওলানা ও শান্তি কমিটির আরও কিছু লোকের সঙ্গে মুজাহিদ ছিলেন। ওই গ্রামগুলোতে ১৫-২০ জনকে হত্যাও করা হয়। পালিয়ে যাওয়ার সময়ও অনেকে গুলিবিদ্ধ হন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, এ সময় তিনি টুপি মাথায় দিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় মুজাহিদের সঙ্গে তাঁর সালাম বিনিময় হয়। মুজাহিদকে তিনি কলেজজীবন থেকেই চিনতেন। নিহতদের মধ্যে তারাচান বৈদ্য, জয়নাথ বৈদ্য, প্রফুল্ল কুমার বিশ্বাসসহ বেশ কয়েকজনকে মাটিচাপা দেওয়া হয়। এতে তিনি সাহায্য করেন। তিনি মুজাহিদের বাবা আবদুল আলীকেও চিনতেন। জবানবন্দি শেষে সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা মুজহিদকে শনাক্ত করেন।জবানবন্দি শেষে ফয়েজ উদ্দিনকে একটি প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবী ফরিদ উদ্দিন খান। পরে জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।কাদের মোল্লার চার আবেদনের তিনটি খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার করা চারটি আবেদনের তিনটিই খারিজ করেন। ওই তিনটি আবেদন হলো: আসামিপক্ষের আরও ছয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামির বিরুদ্ধে পল্লবী ও কেরানীগঞ্জ থানায় দুটি মামলার প্রত্যায়িত অনুলিপি ও কমপ্লেইন রেজিস্টারের অনুলিপি সরবরাহ করার আবেদন। তবে আসামিপক্ষকে মামলার তদন্ত প্রতিবেদন দেখার অনুমতি দেওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।দবির হোসেন ভূঁইয়াকে জেরা: একই ট্রাইব্যুনালে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৫তম সাক্ষী দবির হোসেন ভূঁইয়াকে গতকালও জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরা অসমাপ্ত অবস্থায় ১ জানুয়ারি পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল।