প্রহসনমূলক নির্বাচনে ভোট দেয়নি বলে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলা চালিয়েছে সরকার-সমর্থক সন্ত্রাসীরা। সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন ও বাড়িঘরে লুটপাটকারীদের বিচারের দাবিতে গতকাল রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধন করা হয়। এতে চট্টগ্রাম নগর বিএনপির নেতারা এই অভিযোগ করেন।
মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতাদের অভিযোগ, ভোট কারচুপিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারির প্রহসনমূলক নির্বাচন বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানে সাড়া দিয়ে হিন্দু সম্প্রদায়ের বেশির ভাগই প্রহসনমূলক এই নির্বাচনে ভোট দেয়নি। এ কারণে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা-নির্যাতন চালানো হয়েছে।
গতকাল জাতীয় হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি রাজীব ধর তমালের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক অসীম বণিকের সঞ্চালনায় সঞ্জয় ধর, চন্দন দাশ, বিপ্লব চৌধুরী, মিঠু ধর, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ ছাড়াও বিএনপি নেতারা বক্তৃতা করেন।
গতকালের এই কর্মসূচিতে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাংবাদিক জাহেদুল করিম, ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা এস এম সালাউদ্দিন ও কামরুল ইসলাম, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম, জাসাস নেত্রী জেলী চৌধুরী ও বিএনপির নেত্রী কামরুন্নাহার দস্তগীর প্রমুখ বক্তৃতা করেন। মানববন্ধন কর্মসূচিতে বিএনপির নেতারা বলেন, সরকার দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। দেশের ৯৫ ভাগ মানুষ ভোট দিতে পারেনি। এই দেশের মানুষ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনে নিজেদের ভোট দিতে চায়।
বক্তারা আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। তাই আমরা জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাবে বিএনপি। এই কর্মসূচিতে বাধা না দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া দলীয় নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি ওঠে মানববন্ধন কর্মসূচিতে।