হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর ও শেরপুরে ব্রহ্মপুত্র নদে গতকাল সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। এতে ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা থেকে আসা এবং দেশের বিভিন্ন স্থানের কয়েক হাজার পুণ্যার্থী অংশ নেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নারায়ণগঞ্জ: লাঙ্গলবন্দ উপজেলার ব্রহ্মপুত্র নদে পবিত্র অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে এ স্নান সম্পন্ন হয়। শাস্ত্র অনুযায়ী চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে হিন্দু ঐতিহ্য অনুসারে ব্রহ্মার আদেশে পৃথিবীর সব তীর্থ এসে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়। আর এ পুণ্য তিথিতে পুণ্যার্থীরা স্নানমন্ত্র পাঠ করে নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, প্রভৃতি দিয়ে স্নান শুরু করেন। রোববার দিবাগত রাত একটা ১৮ মিনিট থেকে স্নানের লগ্ন শুরু হয়। ওই দিন সকাল থেকেই ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান লাঙ্গলবন্দে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি প্রবীর কুমার সাহা জানান, লাঙ্গলবন্দে এবার অষ্টমী স্নানে দেশ বিদেশের প্রায় চার লাখ পুণ্যার্থী অংশ নিয়েছেন। কিশোরগঞ্জ: হোসেনপুর উপজেলার খুরশিদমহল এলাকায় ব্রহ্মপুত্র নদে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পুণ্যার্থী পবিত্র স্নান উৎসবে অংশ নেন। এ সময় পুণ্যার্থীরা অতীত পাপ মোচন করে আগামী দিনগুলোয় সত্য ও সুন্দর জীবনে ব্রতী হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ উপলক্ষে উপজেলার কুলেশ্বরী মন্দির প্রাঙ্গণে অষ্টমী মেলার আয়োজন করা হয়। জামালপুর: জামালপুরে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার পুণ্যার্থী এ উৎসবে অংশ নেন। জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর উত্তরে পাশে এ স্নান অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে শহরের ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা ও পাঠাবলির আয়োজন করা হয়। অষ্টমীর স্নান উপলক্ষে দয়াময়ী মন্দিরসংলগ্ন মাঠে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।শেরপুর: বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে অষ্টমীর স্নান উৎসব সম্পন্ন হয়েছে। প্রায় ৫০ হাজার হিন্দু নরনারী সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে পবিত্র স্নান করেন। এ সময় ব্রহ্মপুত্র নদের অর্ধকিলোমিটার এলাকা পুণ্যার্থীদের মিলনমেলায় পরিণত হয়।