হিন্দু পরিবারের সম্পত্তি দখল!
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা ও নিমেরপাড় গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ছয়টি হিন্দু পরিবারের সম্পত্তি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি অবশিষ্ট ভিটেমাটি দখলের জন্য উক্ত পরিবারের সদস্যদের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।ভুক্তভোগীদের অভিযোগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শুয়াগ্রামের শশধর দাস (৮৩), ভদ্র কান্ত দাস (৮০), নিরঞ্জন দাস (৫২), কালা চাঁদ ওরফে বীরেন দাস (৪৮), নিম চাঁদ (৪৬) ও নীলমনি দাস (৪৫) তাঁদের পূর্বপুরুষের ওয়ারিশ সূত্রে তিন একর ৫৯ শতক জমি ভোগ দখল করে আসছেন। মাঠজরিপেও তাঁদের নামে রেকর্ড রয়েছে। সম্প্র্রতি ওই সব সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করেন আগৈলঝাড়া উপজেলার পার্শ্ববর্তী আমবৌলা গ্রামের প্রভাবশালী আবদুল হান্নান হাওলাদার, আবুল বাশার ওরফে বাদশা হাওলাদার এবং নিমেরপাড় গ্রামের গঞ্জর আলী শেখ।দিনমজুর শুয়াগ্রামের শশধর দাস (৮৩), ভদ্র কান্ত দাস (৮০) ও নিরঞ্জন দাস (৫২) জানান, তাঁরা ৫০ বছর ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। তিন মাস আগে প্রভাবশালী মহলটি ভুয়া কাগজপত্র দেখিয়ে সম্পত্তির মালিকানা দাবি করে আংশিক কৃষিজমি দখল করে নেন। এ সময় বাধা দিলে দখলদারেরা হামলা চালিয়ে তাঁদের পাঁচজনকে মারধর করেন।ভুক্তভোগী ভদ্র কান্ত দাস অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তিরা জমি দখল করে নেওয়ার পর উল্টো তাঁদের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ তিনটি মিথ্যা মামলা দায়ের করে।দিনমজুর নিরঞ্জন দাস জানান, প্রভাবশালী গঞ্জর আলী শেখ জাল দলিলের মাধ্যমে ২০০৯ সালে তাঁদের এক একর ৯০ শতক জমির মালিকানা দাবি করে ওই সব জমির রোপিত ইরি-বোরো ও আমন ধান পাকার সঙ্গে সঙ্গে লাঠিয়াল বাহিনী নিয়ে কেটে নিয়েছিলেন।স্থানীয় মিজানুর রহমান (৫৫) দীপংকর বাড়ৈ (৪৫) ও কানাই লাল (৬০) জানান, সারা জীবন ওই সম্পত্তি তাঁরা ভোগদখল করে আসছেন। হঠাৎ কতিপয় প্রভাবশালী ব্যক্তি জমির মালিকানা দাবি করে একের পর এক সম্পত্তি দখল করে নিচ্ছেন।প্রভাবশালী দখলদারদের কাছ থেকে পৈতৃক সম্পত্তি ফিরে পেতে এবং ভিটেমাটি রক্ষায় ওই সব অসহায় সংখ্যালঘু পরিবারের সদস্যরা ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছেন।অভিযোগের ব্যাপারে আবদুল হান্নান হাওলাদার, আবুল বাশার ও নিমেরপাড় গ্রামের গঞ্জর আলী শেখের কাছে জানতে চাইলে তাঁরা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা অবৈধ দখলদার নই, আমরা ক্রয়সূত্রেই ওই জমির মালিক।’এ প্রসঙ্গে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পাওয়ার পর তদন্তকাজ অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।