হিন্দু পারিবারিক আইন সংস্কারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাধিকার সূত্রে হিন্দু নারী পৈতৃক সম্পত্তির অধিকারী হবেন। জীবনস্বত্বের পরিবর্তে সম্পত্তিতে নারীর পূর্ণ অধিকারের নিশ্চয়তা দিয়ে আইন প্রণয়নের সুপারিশ করেছে আইন কমিশন।কমিশন বলেছে, উত্তরাধিকার সূত্রে সম্পত্তিতে পুত্রের সঙ্গে কন্যার পূর্ণ ও সমান অধিকার থাকতে হবে। হিন্দু বিধবা পূর্ণস্বত্বের উত্তরাধিকারী হবেন। এগুলোসহ নয় দফা সুপারিশ-সংবলিত হিন্দু পারিবারিক আইন সংস্কারের বিষয়ে একটি প্রতিবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন।হিন্দু পারিবারিক আইন বলতে ‘বিবাহ, ভরণপোষণ ও বৈবাহিক সম্পর্ক হতে উদ্ভূত অন্যান্য বিষয়, উত্তরাধিকার, দান, উইল, দত্তক, নাবালকের তত্ত্বাবধান ও অভিভাবকত্ব সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বীদের অনুসৃত ধর্মীয় আইন’ বোঝানো হয়েছে।১৮ পৃষ্ঠার ওই প্রতিবেদনে হিন্দু পারিবারিক আইনের বর্তমান অবস্থা, সংস্কারের প্রয়োজনীয়তা, সংস্কারের গ্রহণযোগ্যতা, প্রতিবন্ধকতা এবং সংস্কারের পক্ষে-বিপক্ষে যুক্তিও তুলে ধরা হয়েছে।একই সঙ্গে বিবাহ নিবন্ধন, বিবাহবিচ্ছেদ, বিচ্ছেদের পর পুনর্বিবাহ, বহুবিবাহ, নাবালক সন্তানদের অভিভাবকত্বসহ বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়েছে।উপসংহারে কমিশন বলেছে, হিন্দু পারিবারিক আইনের সংস্কার প্রস্তাব মূলত নারী অধিকার উন্নয়নে নিবেদিত। নারী-পুরুষ সমানাধিকারের বিষয়টি আধুনিক মানবাধিকার আইনের প্রধান লক্ষ্য। সে লক্ষ্য পূরণে প্রচলিত হিন্দু আইন সংস্কারের জন্য কমিশনের সুপারিশগুলো একটি পূর্ণাঙ্গ আইন করে অথবা বিষয়ভিত্তিক ভিন্ন ভিন্ন আইন করে কার্যকর করা যেতে পারে।কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘পরিবর্তনশীল সমাজের প্রয়োজনে ও বিশ্বব্যাপী মানবাধিকারের সর্বজনীন ধারণাকে সামনে রেখে অন্যান্য আইনের মতো পারিবারিক আইনেরও সংস্কার প্রয়োজন। এ লক্ষ্য সামনে রেখে কমিশনের দ্বিবার্ষিক কর্মপরিকল্পনায় পারিবারিক আইনের পর্যালোচনার বিষয়টি অন্তর্ভুক্ত হয়। এর ধারাবাহিকতায় কমিশনের মাঠপর্যায়ের গবেষণা, বিভিন্ন বেসরকারি সংস্থার গবেষণা, সেমিনার ও কর্মশালার আলোচনা ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করে ৭ আগস্ট আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’বিবাহ নিবন্ধন: প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে হিন্দু বিবাহ নিবন্ধনের জন্য এখন পর্যন্ত কোনো আইন প্রণীত হয়নি। এ সংক্রান্ত একটি বিল বর্তমানে জাতীয় সংসদে বিবেচনাধীন রয়েছে। তাতে নিবন্ধন আবশ্যিক না করে স্বেচ্ছামূলক করা হয়েছে। কিন্তু এটি আবশ্যিক করা প্রয়োজন।কমিশন বলেছে, বিবাহের ১৫ কার্যদিবসের মধ্যে অবশ্যই বিবাহ নিবন্ধন করতে হবে। না করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা যেতে পারে। বিবাহ নিবন্ধন না করলে কোনো বিবাহ বৈধ বলে গণ্য করা হবে না—এ শর্ত সংযুক্ত করা যেতে পারে।বিবাহবিচ্ছেদ ও পুনর্বিবাহ: কমিশন বলেছে, যেসব কারণে হিন্দু নারীর পৃথক বসবাসকে আইনগত স্বীকৃতি দেওয়া হয়েছে, তার অধিকাংশ কারণ বিবাহবিচ্ছেদের জন্য যুক্তিসংগত হিসেবে বিবেচিত হতে পারে। সুনির্দিষ্ট কারণে আদালতের অনুমোদন সাপেক্ষে এই বিচ্ছেদ কার্যকর করা যেতে পারে। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর উভয় পক্ষ পুনর্বিবাহ করতে পারবে।অন্যান্য: বহুবিবাহের বিষয়ে কমিশন বলেছে, আইনে উল্লিখিত সুনির্দিষ্ট কারণ ছাড়া এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ না করে বহুবিবাহ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে আইন প্রণয়ন করা যেতে পারে। অসবর্ণ বিবাহ প্রসঙ্গে বলা হয়, বিভিন্ন গোত্রের মধ্যে বিবাহের বৈধতা দিয়ে আইন প্রণয়ন করা যেতে পারে। দত্তকের বিষয়ে কমিশনের অভিমত হচ্ছে, স্বামী-স্ত্রী, অবিবাহিত পুরুষ বা নারী এবং বিধবাদের দত্তক নেওয়ার নিঃশর্ত অধিকার দিয়ে আইন করা যেতে পারে। তবে স্বামী-স্ত্রীর ক্ষেত্রে পারস্পরিক সম্মতির বাধ্যবাধকতা সংযোজন করা যেতে পারে। দত্তকের ক্ষেত্রে মেয়েশিশু ও ছেলেশিশুর ভেদাভেদ দূর করে আইন করা যেতে পারে।ভরণপোষণ ও সন্তানের অভিভাবকত্বের বিষয়ে কমিশনের প্রতিবেদনে বলা হয়, কোনো দুর্ঘটনা বা বার্ধক্যজনিত বা যুক্তিসংগত কারণে স্বামী অর্থ উপার্জনে অক্ষম হলে স্ত্রী যদি সচ্ছল বা উপার্জনক্ষম হয়, তবে স্বামীর ভরণপোষণ করতে বাধ্য থাকবে। একইভাবে সন্তান ও বৃদ্ধ পিতা-মাতার ভরণপোষণের দায়িত্ব স্বামীর অবর্তমানে বা যুক্তিসংগত কারণে অর্থ উপার্জনে ব্যর্থ হলে সচ্ছল ও উপার্জনক্ষম স্ত্রীকে নিতে হবে। ভরণপোষণের পরিমাণ কী হবে এবং এই পরিমাণ নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনা করতে হবে, এ সংক্রান্ত পৃথক বিধান থাকা উচিত।প্রতিক্রিয়া: জানতে চাইলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী প্রথম আলোকে বলেন, হিন্দু পারিবারিক আইন সংস্কারের কথা বলা হলেই কোনো না কোনো মহল এর বিরুদ্ধে সোচ্চার হয়। অথচ ভারতে হিন্দু আইনের ব্যাপক সংস্কার করা হয়েছে।সুব্রত চৌধুরী বলেন, তিনি আইন সংস্কারের পক্ষে। গত ৪ জুলাই হিন্দু বিবাহ নিবন্ধনের জন্য সংসদে উত্থাপিত বিলে নিবন্ধন ঐচ্ছিক রাখা হয়েছে একটি মহলের বিরোধিতার কারণে। কিন্তু যেকোনো আইনই সমভাবে প্রযোজ্য হওয়া বাঞ্ছনীয়। শুধু বিবাহ নিবন্ধন নয়, আইন কমিশনের অন্য সুপারিশগুলোও ইতিবাচকভাবে বিচার-বিশ্লেষণ করে পর্যায়ক্রমে কার্যকর করা যেতে পারে।