হিন্দু বাড়ি দখলের অভিযোগের ব্যাখ্যা দিলেন মন্ত্রী
ফরিদপুরে হিন্দু বাড়ি দখল ও গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁর মন্ত্রিত্বে আঘাত করে ফরিদপুরকে উন্নয়নবঞ্চিত করার জন্য ও তাঁর ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত হিসেবে অপপ্রচার চালানো হচ্ছে।
গত বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, মন্ত্রী, সাংসদ, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল করছে। সংবাদ সম্মেলনে নাম উল্লেখ করে যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তাঁদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফও।
গতকাল ‘ফরিদপুরের উন্নয়ন’ শীর্ষক এক মুক্ত আলোচনায় অভিযোগের ব্যাখ্যার পাশাপাশি নিজেও অভিযোগ তোলেন খন্দকার মোশাররফ। বেলা ১০টায় ফরিদপুরে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এ অনুষ্ঠানটি স্থানীয় কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আমন্ত্রিত অতিথি ছাড়াও কেব্ল চ্যানেলে মুঠোফোনের মাধ্যমে দর্শকেরা সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন। এ অনুষ্ঠান উপলক্ষে ‘পরশপাথরের ছোঁয়ায় আমরা’ শিরোনামে একটি বুকলেট প্রকাশ করা হয়। একই শিরোনামে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, ‘একটি জমি কিনে আমি প্রলয়ংকরী বিপদের মুখে পড়েছি।’ তিনি তাঁর বাড়ির পাশের জমি কেনার কথা উল্লেখ করে তার ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আমার বাড়ির পাশের অরুণ কুমার গুহ মজুমদার একদিন আমাকে বললেন, “আমি (অরুণ) এ জমি নিয়ে বিপদে পড়েছি। এ জমির জন্য আমাকে মেরে ফেলবে।” আমি খোঁজ নিয়ে জানতে পারি, ওই জমির অর্ধেক অর্পিত সম্পত্তি হয়ে গেছে।’ মন্ত্রী বলেন, বাকি যে অর্ধেকের মালিক ছিলেন অরুণ কুমার, সে জমিও বিএনপির এক নেতার কয়েকজন অনুসারী জাল দলিল করে হাতিয়ে নিয়েছেন। তিনি ওই জাল দলিল বাতিল করে এবং অর্পিত সম্পত্তি অবমুক্ত করে আদালতের সাহায্য নিয়ে মামলায় লড়ে ওই জমি অরুণ কুমারকে উদ্ধার করে দেন। মন্ত্রী আরও বলেন, ‘এরপর অরুণ কুমারের বিশেষ অনুরোধে আমি ওই জমি কিনতে সম্মত হই। কেননা অরুণ কুমার আমাকে বলেছিলেন, এ জমি আমি না নিলে তিনি ন্যায্য দাম পাবেন না, তাঁকে না খেয়ে থাকতে হবে এবং ভূমিদস্যুরা তাঁকে মেরে ফেলবে।’
খন্দকার মোশাররফ বলেন, ‘অরুণকে বাঁচাতে কোটি কোটি টাকা দিয়ে ওই জমি কিনে এখন আমি বিপদে পড়েছি। এখন বলা হচ্ছে আমি নাকি হিন্দুদের জমি দখল করে নিয়েছি।’ মন্ত্রী বলেন, ওই জমির মালিক কখনো ফরিদপুর শহরের বাইরে যান না। এখন শুনেছি তিনি কলকাতা চলে গেছেন।
‘আমি ফকির নই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এ জমি কিনতে গিয়ে বাজার দামের চেয়ে বেশি দাম দিয়েছি। আমার বাড়তি কোনো জমির প্রয়োজন নেই। বদরপুরে আমার ২২ একর জমির ওপর বাড়ি রয়েছে।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এ জমি নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকায় সংবাদ সম্মেলন করেছে। তিনি বলেন, ‘মানুষ কীভাবে প্রতারিত হয়, বিড়ম্বনার শিকার হয়, শেষ বয়সে এসে একটি জমি ন্যায্য মূল্যে কিনে আমাকে সে রকম বিপদে পড়তে হয়েছে। তবে আমাকে নিয়ে যারা সাংবাদিক সম্মেলন করেছে, তারা কী বলল বা কোন পত্রিকা কী লিখল তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আপনারা আমাকে ভুল না বুঝলেই হলো।’
মন্ত্রী ঘোষণা দেন, ফরিদপুরে বঙ্গবন্ধুর নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, রাজবাড়ী রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে। এ ছাড়া সরকারি উদ্যোগে পার্ক ও ইকো পার্ক প্রভৃতি করা হবে।