হিন্দু বাড়িঘরে আগুন-লুটপাট: বরিশালে নাগরিক প্রতিনিধিদল
বরিশালের চর কাউয়ায় হিন্দুদের বাড়িঘরে আগুন ও লুটপাটের ঘটনা সরেজমিনে দেখতে ঢাকা থেকে আট সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। দলের সদস্যরা ঘটনার বিষয়ে বরিশালে ও ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রেসিডিয়াম সদস্য বিমল বিশ্বাস।
এ ছাড়া মুক্তিযোদ্ধা তারেক আলী, সাংবাদিক সেলিম সামাদ, কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, প্রকৌশলী সরদার আমিন, আদিবাসী নেতা দীপায়ন খীসা ও চলচ্চিত্রকার রাশেদ নাঈম প্রতিনিধিদলে আছেন।
রোবায়েত ফেরদৌস প্রথম আলো ডটকমকে জানান, গতকাল সোমবার রাতেই তাঁরা বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ মঙ্গলবার সকালে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরেজমিনে দেখে বরিশালে তাঁরা একটি সংবাদ সম্মেলন করবেন। পরে ঢাকায় ফিরে তাঁরা আবার দেশবাসীকে ঘটনা জানাবেন।
প্রসঙ্গত, খেলা নিয়ে পুরোনো বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার চর কাউয়ার কালীখোলা গ্রামে পারভেজ গাজী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার জের ধরে গত শুক্রবার সকালে হিন্দুদের ১৫টি বাড়িঘর জ্বালিয়ে দেয় গ্রামবাসী। এই ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে। ২৬ জনকে আটক করা হয়েছে।