মন্ত্রিপরিষদের সভায় হিন্দু বিবাহ আইনে নিবন্ধন ঐচ্ছিক রাখার বিধানের নিন্দা জানিয়েছে খসড়া হিন্দু বিবাহ আইন, ২০১১ প্রণয়নের জন্য গঠিত নাগরিক উদ্যোগ। এর সদস্যরা মনে করেন, বিবাহ নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে ঐচ্ছিক করার মাধ্যমে অধিকাংশ হিন্দু নারী এর সুফল পাবেন না। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, নাগরিক সমাজ মাঠপর্যায়ের সব শ্রেণীর নারী-পুরুষের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন করার দাবি জানিয়ে আসছে। তারা বিবাহ নিবন্ধন আবশ্যিক অর্থাৎ বাধ্যতামূলক এবং বিবাহবিচ্ছেদের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেছে। নাগরিক সমাজের পক্ষ থেকে হিন্দু বিবাহ নিবন্ধন আইনে নারীর মানবাধিকার সুরক্ষা ও নিশ্চিত করার প্রয়াসে নিবন্ধনকে আবশ্যিক রাখার দাবি জানানো হয়।তবে নিবন্ধন (সংশোধন) আইন, ২০১২-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়ার জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছে নাগরিক উদ্যোগ। কারণ, এই সংশোধনী অনুযায়ী মুসলিম ছাড়াও অন্য ধর্মাবলম্বীরাও ১০০ টাকা ফি দিয়ে হেবা দলিলে নিবন্ধন করতে পারবেন। বিবৃতিতে হিন্দু বিবাহ আইন প্রণয়নে নাগরিক উদ্যোগের পক্ষে সই করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। বিবৃতি দেন আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামাল ও নীনা গোস্বামী, বাংলাদেশ মহিলা পরিষদের আয়েশা খানম, রাখী দাস পুরকায়স্থ ও রামলাল রাহা, বাঁচতে শেখার আঞ্জেলা গোমেজ ও নজরুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের রিনা রায়, বনশ্রী মিত্র নিয়োগী ও অর্পিতা দাস, প্রিপ ট্রাস্টের মেঘনা গুহঠাকুরতা ও এ্যারোমা দত্ত, স্টেপস টুওয়ার্ডসের রঞ্জন কর্মকার ও রেখা সাহা, নারীপক্ষের রিতা দাস রায়, নারীনেত্রী ও গবেষক মালেকা বেগম, আরডিআরএসের মঞ্জুশ্রী সাহাসহ কয়েকটি বেসরকারি সংস্থার পক্ষে কৃষ্ণ চন্দ্র, কল্পনা, রুমা হালদার ও ইলা চন্দ। বিজ্ঞপ্তি।