হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু নারীদের অধিকার সুরক্ষায় বাধ্যতামূলক বিবাহ নিবন্ধন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, রাজনীতিবিদসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। হিন্দু বিবাহ নিবন্ধনে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ‘ঐচ্ছিক’ আইন সংশোধনের মাধ্যমে ‘বাধ্যতামূলক’ করার দাবি জানান তাঁরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে মানুষের জন্য ফাউন্ডেশন ও রিসার্চ ইনিশিয়েটিভস অব বাংলাদেশ (রিইব) আয়োজিত ‘হিন্দু বিবাহ আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক মতবিনিময় সভায় তাঁরা এ দাবি জানান। সভায় সংশ্লিষ্ট বিষয়ে রিইব পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। গবেষণা প্রতিবেদন উপস্থাপক ও রিইবের নির্বাহী পরিচালক মেঘনা গুহঠাকুরতা বলেন, ৯১ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা বাধ্যতামূলক বিবাহ নিবন্ধন ব্যবস্থা দাবি করেছেন। ৬১ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, বাধ্যতামূলক বিবাহ নিবন্ধন আইনের অভাবে হিন্দু নারীরা বৈষম্য ও নির্যাতনের শিকার। ৮৮ দশমিক ৩ শতাংশ পুরুষ উত্তরদাতা বাধ্যতামূলক নিবন্ধন আইনের পক্ষে মত দিয়েছেন। সামাজিকভাবে নিষিদ্ধ হলেও ২৯ দশমিক ২ শতাংশ নারী তালাক ব্যবস্থার পক্ষে অভিমত দেন। ৭০ দশমিক ৪ শতাংশ উত্তরদাতা নারীদের জন্য সম্পত্তির বিষয়ে হিন্দু পারিবারিক আইনে খুশি নন। সভায় প্রধান অতিথি আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বি বলেন, হিন্দু বিবাহ নিবন্ধনে একসময় কোনো আইন ছিল না। ঐচ্ছিক হলেও এখন আইনটি তৈরি হয়েছে। এ আইনকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে। মানুষকে নিরাপত্তা দিতে না পারলে আইন তৈরি করে তো লাভ হবে না। সভার বিশেষ অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক নিরঞ্জন অধিকারী বলেন, অপ্রিয় হলেও সত্য, হিন্দু সম্প্রদায়ের কিছু নেতা এ ধরনের আইনের বিরোধিতা করেছেন। পাকাপোক্ত আইন করতে হলে হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের মানুষকে সাংগঠনিকভাবে এগিয়ে আসতে হবে। বিশিষ্ট মানবাধিকার কর্মী হামিদা হোসেন বলেন, ‘আমরা শুধু হিন্দু নারীদের বিবাহ নিবন্ধন আইনের কথা বলছি কেন? দাবি তুলতে হবে অভিন্ন পারিবারিক আইনের। পাশের দেশের অভিজ্ঞতা নিয়ে সমন্বিত বিবাহ নিবন্ধন আইন করার বিষয়টি নিয়ে ভাবা দরকার।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক মালেকা বেগম বলেন, ‘অধিকার থেকে পিছিয়ে থাকা সব নারীকে নিয়ে আন্দোলন করতে হবে। শুধু হিন্দু সমাজের নয়, এ আন্দোলন হবে সমগ্র নারী সম্প্রদায়ের। আমরা মুসলিম নারীরা অনেক দূর এগিয়ে গেলাম, আর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নারীরা অনেক দূর পিছিয়ে গেল, তা তো হতে পারে না।’মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিচালক রেহানা সুলতানা, স্টেপস টুওয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, শিক্ষাবিদ আবদুল হাই, বাঁচতে শেখার কর্মকর্তা নজরুল ইসলাম, বৈদিক নারী শক্তির চিত্রা রায়সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষেরা।