হিন্দু বিবাহ নিবন্ধন ঐচ্ছিক রেখে বিল পাস করায় ক্ষোভ
নিবন্ধনের বিষয়টি ঐচ্ছিক রেখে হিন্দু বিবাহ নিবন্ধন বিল, ২০১২ জাতীয় সংসদে পাস হওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিলের খসড়া প্রণয়নে গঠিত নাগরিক উদ্যোগ। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ ক্ষোভের কথা জানিয়ে বিলটি পুনরায় পর্যালোচনার অনুরোধ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিক সমাজ মাঠপর্যায়ে সব শ্রেণীর নারী-পুরুষের সঙ্গে মতবিনিময়ের ভিত্তিতে দীর্ঘদিন ধরে একটি পূর্ণাঙ্গ হিন্দু বিবাহ আইন প্রণয়নের দাবি জানিয়ে আসছে; যার মধ্যে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক এবং বিবাহবিচ্ছেদের বিষয়টি রয়েছে। নাগরিক সমাজ মনে করে, বিবাহ নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে ঐচ্ছিক করার মাধ্যমে হিন্দু সমাজের বিবাহ নিবন্ধনের জন্য দেশে প্রথমবারের মতো আইন হলেও অধিকাংশ হিন্দু নারী এর সুফল পাবেন না।‘ঐচ্ছিক বিবাহবন্ধন’ শুধু বিদেশ ভ্রমণ, অভিবাসন ইত্যাদি ক্ষেত্রে বিবাহ নিবন্ধনসংক্রান্ত দালিলিক প্রমাণ হিসেবে ব্যবহূত হবে। এই আইন হিন্দু নারীদের জন্য নতুন কোনো অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমাজ মনে করে, নিবন্ধন আবশ্যিক রেখে বিলটি পুনরায় পর্যালোচনার পর চূড়ান্ত করা হলে বাংলাদেশের হিন্দু নারী-পুরুষ উভয়ের অধিকার সুরক্ষিত থাকবে। বিজ্ঞপ্তি।