হিন্দু বিবাহ নিবন্ধন বিলসহ চারটি বিল সংসদে পাস
হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ নিবন্ধনের বিষয়কে ঐচ্ছিক রেখে গতকাল মঙ্গলবার ‘হিন্দু বিবাহ নিবন্ধন বিল, ২০১২’ জাতীয় সংসদে পাস হয়েছে। এ ছাড়া পাস হয়েছে রেজিস্ট্রেশন (সংশোধন) বিল, ২০১২; ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১২ এবং গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০১২।হিন্দু বিবাহ নিবন্ধন বিল সংসদে উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিবাহ তাঁদের শাস্ত্রমতে অনুষ্ঠিত ধর্মীয় বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ। এর কোনো দালিলিক প্রমাণ থাকে না। যে কারণে বিবাহ-পরবর্তী বিবাহসংশ্লিষ্ট যেকোনো বিষয় মৌখিক সাক্ষ্য-প্রমাণের ওপর নির্ভরশীল। এ ছাড়া বর্তমানে বিদেশ ভ্রমণ, অভিবাসন ইত্যাদি ক্ষেত্রে বিবাহ নিবন্ধন-সম্পর্কিত দালিলিক প্রমাণ একটি অপরিহার্য বিষয়। সে জন্য আইন প্রণয়ন করা প্রয়োজন।রেজিস্ট্রেশন বিলটিও উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী। ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিলটিও উত্থাপন করেন আইন প্রতিমন্ত্রী। সংশোধনীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৬০ দিনের পরিবর্তে ৩০ দিন করা হয়েছে।আজিমের ওয়াক-আউট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অনুপস্থিতিতে তাঁর পক্ষে গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, ২০১২ উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার। বিলটির ওপর দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।বিলটির বিরোধিতা করে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম কয়েক মিনিটের জন্য ওয়াকআউট করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অধিবেশনকক্ষে উপস্থিত ছিলেন।বিল-সম্পর্কিত নোটিশের ওপর বক্তব্যে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক ৮৪ লাখ নারীর ব্যাংক। ব্যাংকটি নিজেদের অর্থে চলে। আইন সংশোধনের মাধ্যমে সরকার ব্যাংকটিকে গ্রাস করে ধ্বংস করতে চাইছে। গ্রামীণ ব্যাংক থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামীণ ব্যাংক তো কোনো দোষ করেনি। সুতরাং এই সংশোধনী গ্রহণযোগ্য নয়।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ-সংক্রান্ত বিধানের কারণে সেখানে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। তাই পদটি দীর্ঘদিন শূন্য থাকে। আইনটি পাস হলে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের পদ্ধতি আরও স্বচ্ছ হবে এবং নিয়োগ-সংক্রান্ত জটিলতার নিরসন হবে।